সাতক্ষীরা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় জলাবদ্ধতা দূর করতে জরুরি ভিত্তিতে কপোতাক্ষ, বেতনা ও শালিখা নদী খনন করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
সোমবার দুপুরে তিনি সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বিনেরপোতা, ত্রিশ মাইল, কাবাশডাঙ্গা বি¯ু‹ট ফ্যাক্টরি মোড়, আসান নগর, ধৈতির নগর মোড়, দেলুয়া কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি দুর্গত মানুষের মাঝে চাল, শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এরপর দেলুয়া কলেজ মাঠে আয়াজিত এক সমাবেশে খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে কপোতাক্ষ, বেতনা, শালিখা নদ খননে সশস্ত্র বাহিনী নিয়োগ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না।
মানুষ সহায় সম্বল হারিয়ে রাস্তার পাশে খুপড়ি ঘর বেঁধে কোনোরকমে আশ্রয় নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বন্যা দুর্গত মানুষের ঘরবাড়ি ও আশ্রয় কেন্দ্র নির্মাণের ব্যবস্থা করা হবে। ঈদের আগে ভিজিএফ, ভিজিডি কার্ড দ্বিগুণ করা হবে। দুর্গত এলাকায় ওএমএস এবং ফেয়ার প্রাইস কার্ড চালু করা হবে।
সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও দুর্গত এলাকার মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24