২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চের মধ্যে গ্রিডে আরো ২০ কোটি ঘনফুট গ্যাস: উপদেষ্টা

আগামী বছরের মার্চের মধ্যে আরো ২০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্র্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মার্চের মধ্যে আরো ২০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্র্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সোমবার দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেমুতাং গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এই কূপ থেকে উত্তোলিত গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রামের বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে। এর আগে সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সুন্দলপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন তৌফিক-ই-ইলাহী। সেমুতাং গ্যাসক্ষেত্র পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক খান ও পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, সেমুতাং গ্যাসক্ষেত্রটি অনেক পুরনো। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে এ গ্যাস ক্ষেত্রের কাজ শুরু হয়েছিল। পরে আবার তা থেমে যায়। "বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী দ্রুত গ্যাস উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন। তার নির্দেশে বাপেক্সকে টাকা দেওয়া হয়," বলেন তিনি। আগামী সেপ্টেম্বরের মধ্যে সেমুতাং থেকে গ্যাস চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে উল্লেখ করে তৌফিক-ই-ইলাহী বলেন, "২০১১ সালের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ঘনফুট (এমসিএফ) এবং ২০১২ সালের প্রথম তিন মাসের মধ্যে আরো ১০ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।" সেমুতাং গ্যাস ক্ষেত্রের প্রকল্প পরিচালক শহিদুজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ক্ষেত্রে প্রায় ১৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। দৈনিক ২ কোটি ঘনফুট হারে গ্যাস তোলা হলে এই মজুদ দিয়ে প্রায় ২০ বছর উত্তোলন চালিয়ে যাওয়া সম্ভব। সরকারি হিসাবে সারাদেশে ২৫০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে বর্তমানে ২০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। শহিদুজ্জামান খান জানান, ১৯৬৭ সালে সেমুতাংয়ে গ্যাস আবিস্কৃত হয়। ১৯৯৭ সালে 'কেয়ার্ন' এ ক্ষেত্রে কাজ শুরু করে। তখন ৫টি কূপ খনন করা হয়েছিল। তবে পরে তা পরিত্যাক্ত ঘোষণা করা হয়। "এখন পাঁচটি কূপের মধ্যে ৫ নম্বর কূপ থেকেই গ্যাস উত্তোলন করা হবে। পাশাপাশি ১ নম্বর কূপের পাশে অন্য একটি কূপ খননের পরিকল্পনা রয়েছে। বাকি কূপগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেখান থেকে গ্যাস পাওয়া সম্ভব নয়।" চলতি বছরের ১২ মে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) র্কর্তৃপক্ষ সেমুতাং থেকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ফৌজি ফ্লাওয়ার মিল পর্যন্ত ৬৫ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন নির্মাণের কাজ শুরু করে। কেজিডিসিএলর ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন জানান, সরবরাহ লাইন বসানোর কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তিনি জানান, চট্টগ্রামে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮ কোটি ৫০ লাখ ঘনফুট। এর বিপরীতে সরবরাহ করা যাচ্ছে সর্বোচ্চ ২২ কোটি ৫০ লাখ ঘটফুট। ২০০৯ সাল থেকে চট্টগ্রামে সব ধরনের আবসিক ও শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রয়েছে। কেজিডিসিএলে প্রায় ১৫ হাজার আবাসিক ও ২৫০টি শিল্প কারখানার জন্য সংযোগের আবেদন জমা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২১৫৩ ঘ.