ঢাকা, অগাষ্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা, শেরে বাংলানগর, পল্লবী ও তুরাগে চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড্ডা বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বালু বোঝাই করে চড়ার সময় পা পিছলে আহত হন শ্রমিক মো.আবদুল মোতালেব (৫০)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে বিকেলে তার মৃত্যু হয়।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ওই শ্রমিকের বাড়ি পটুয়াখালীর ধুমকির শ্রীরামপুরে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, সোমবার ভোরে শেরে বাংলানগর থানার লেক রোডের সামনের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয়ের (৩০) এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে ছিলো চেক ফুলশার্ট ও চেকলুঙ্গি।
রাতের কোনো এক গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে বলে জানান শেরে বাংলানগর থানার উপ-পরিদর্শক সর্দার মিজামুল হক।
এ ছাড়া রাজধানীর পল্লবী ও তুরাগ থানা পুলিশ মিনা আক্তার কলি (২০) ও জেসমিন আক্তার (২৫) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করে। দু'জনই আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/কেটি/এএল/২০৩৯ ঘ.
bdnews24