২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রেনেড হামলার জন্য বিএনপির ক্ষমা চাওয়া উচিত'

২১ অগাস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি দাবি করেছেন বাংলাদেশের সব জঙ্গি সংগঠন হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রিত হতো। সোমবার রাজধানীতে এক গোলটেবিলে প্রতিমন্ত্রী বলেন, "মুফতি হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ হুজি এবং অন্যান্য জঙ্গি সংগঠন তৈরি হয়েছিল হাওয়া ভবনে।" ২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে উপর্যুপরি গ্রেনেড হামলায় অন্তত ২৪ জন নিহত হয়। দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি সবচেয়ে বড় বাধা হিসেবে উল্লেখ করে কামরুল বলেন, "বাংলাদেশে বর্তমান প্রতিহিংসার রাজনীতির জন্য মূলত দায়ী '৭১ এর পরাজিত শক্তি এবং তাদের রাজনৈতিক মিত্র বিএনপি। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল।" ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ বৈঠক আয়োজন করে। বৈঠকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রব্বানী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২০২০ ঘ.