২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জামালপুর-ময়মনসিংহ সড়কে বাস বন্ধ

সড়ক সংস্কারের দাবিতে এবার জামালপুর-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 02:05 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

জামালপুর, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে এবার জামালপুর-ময়মনসিংহ সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। সোমবার দুপুর থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। সম্প্রতি সংস্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিলে যোগাযোগ মন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়কটি যান চলাচলের অনুপযোগী হওয়ায় দুপুরের পর থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, সড়কের চেচুয়া ও মুক্তাগাছা এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। সড়কটি সংস্কার করা না হলে বাস চালাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে জানান রফিকুল ইসলাম। মালিক সমিতির এই নেতা অভিযোগ করেন, সড়ক ও জনপথ অধিদপ্তরকে বারবার বলার পরও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ ব্যাপারে কথা বলতে জেলা সওজ কার্যালয়ে গেলে নির্বাহী প্রকৌশলী আব্দুল ওয়াহিদকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০০০ ঘ.