২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাসের দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ

বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

সাভার, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পুলিশ জানায়, সোমবার আশুলিয়ার ঘোষবাগ এলাকার 'ম্যাকপাই সোয়ের্টাস লিমিটেড', বাইপাইল এলাকার 'ফাউন্টেন্ড গামের্ন্টস লিমিটেড' ও ডিইপিজেডের নতুন জোনে ভারতীয় মালিকানাধীন 'আমরা এ্যাপারেলস লিমিটেড' কারখানায় এ অসন্তোষ সৃষ্টি হয়েছে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে 'আমরা এ্যাপারেলস' এর সাত শতাধিক শ্রমিক কারখানায় এসে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস ২৪ অগাস্টের মধ্যে পরিশোধের দাবি জানায়। কর্তৃপক্ষ ঈদ বোনাস দিতে অস্বীকৃতি জানায়। শ্রমিকদের চাপের মুখে একপর্যায়ে ঈদের দু'একদিন আগে বেতন-বোনাস দেওয়ার কথা স্বীকার করে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের কথায় বিশ্বাস না করে শ্রমিকরা কর্মবিরতি পালন ও কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। কোনো সমঝোতা না হওয়ায় পরে তারা কারখানা থেকে বেরিয়ে চলে যায়। 'আমরা এ্যাপারেলস' কারখানার মহা-ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, বিষয়টি আলোচনা করে সমঝোতার চেষ্টা চলছে। শিল্প পুলিশ জানায়, 'ফাউন্টেন্ড গামের্ন্টস লিমিটেড' কারখানার প্রায় ১১০০ শ্রমিক ঈদ বোনাসের দাবিতে দিনভর কর্মবিরতি পালন করেছে। এছাড়া ঘোষবাগ এলাকার 'ম্যাকপাই সোয়ের্টাস লিমিটেড' কারখানার অপারেটর ইসমাইল হোসেনকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে কারখানার ১৮০০ শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। মোখলেছুর জানান, সমঝোতা না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে দুই কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯১০ ঘ.