চট্টগ্রাম, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উপলক্ষে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার তিন বন্দি মুক্তি পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বিকাল ৩টার দিকে তাদের মুক্তি দেওয়া হয় বলে জানান কেন্দ্রীয় কারাগারের কারারক্ষক রফিকুল কাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদ উপলক্ষে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন কারাগার থেকে মোট ৪৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।
রফিকুল জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমিদের মধ্যে যারা দুই-তৃতীয়াংশ সাজা ভোগ করেছেন এবং যাদের আচরণ ভাল তাদের আবেদনে তিনজনকে মুক্তি ও অর্থদণ্ড মওকুফের আদেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মুক্তি পাওয়া তিন জন হলেন-নোয়াখালীর মোহাম্মদ বাবুল (৪৮), কক্সবাজারের মহেশখালীর আবদুল গফুর (৪৭)ও রাউজানের ফয়েজ আহম্মদ (৫৩)। তিন জনই ২০ বছরেরর বেশি জেল খেটেছেন।
এদের মধ্যে দুই জন হত্যা মামলা এবং একজন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের মামলার আসামি।
এছাড়া চট্টগ্রাম কারাগারের নুরুল আমিন নামে এক বন্দি বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে থাকায় তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে বলে জানান রফিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/আরএ/১৭৫৪ ঘ.
bdnews24