২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা হত্যার ষড়যন্ত্রে মিডিয়াও: আশরাফ

সংবাদ মাধ্যমের একটি অংশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবারো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ মাধ্যমের একটি অংশ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে অভিযোগ করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবারো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে। সরকারের মুখপাত্র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, "শেখ হাসিনাকে হত্যা করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। আমাদের মাঝে আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে।" প্রচারমাধ্যমের একটি অংশের বিরুদ্ধে অত্যন্ত সুচারুভাবে কাজ করার অভিযোগ এনে আশরাফ বলেন, "কিছু কিছু গুঞ্জন আসছে। কিছু টেলিভিশন চ্যানেল রং মাখিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যাতে ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে হত্যা করার সুযোগ পায়।" ১/১১ পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার কথা মনে করিয়ে দিয়ে আশরাফ বলেন, "ষড়যন্ত্র ধ্বংস করতে হবে। জননেত্রীকে রক্ষা করতে হবে।" ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা স্মরণে সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র অব্যাহত আছে জানিয়ে শনিবার সৈয়দ আশরাফ বলেছিলেন, তাকে রক্ষায় আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলে নিহত জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ এ কথা বলার দুদিন আগে একই কথা বলেছিলেন ওইদিন নিহত আরেক জাতীয় নেতা মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তবে পরদিনই তার এ বক্তব্যের সমালোচনা করে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, "এসব কথা বলে আতঙ্ক সৃষ্টি করার প্রয়োজন নেই। আমরা ক্ষমতায় আছি, কথা না বলে নিরাপত্তার জোরদার করা দরকার।" 'তারা চেয়েছিলো দেশে আর নির্বাচন হবে না' কিছু কিছু সংবাদ মাধ্যমের সমালোচনা করে প্রভাবশালী এই মন্ত্রী বলেন, "কিছু কিছু পত্রিকায় 'আন্না হাজারেকে' খোঁজা হচ্ছে।" সংবাদ মাধ্যমের ওই অংশকে উদ্দেশ্য করে সৈয়দ আশরাফ বলেন, "কেন বাংলাদেশে কি সংসদ নেই? বাংলাদেশে গণতন্ত্র নেই? বাংলাদেশ কি দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত?" 'আন্না হাজারের সন্ধানকারীদের' অনির্বাচিত সরকারের ইন্ধনদাতা আখ্যায়িত করে তিনি বলেন, "যারা ১/১১ সৃষ্টি করেছিলো তারাই আন্না হাজারে।" "যারা ১/১১ এর পর গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলো তারা আন্না হাজারে। যারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে হত্যা করতে চেয়েছিলো তারাই আন্না হাজারে। তারা চেয়েছিলো- এ দেশে আর নির্বাচন হবে না। তথাকথিত বুদ্ধিজীবী সরকার দেশ পরিচালনা করবে।"- বলেন আশরাফ। শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার আগে ওই সময় বাংলা দৈনিক প্রথম আলোয় দুই নেত্রীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কলাম লেখেন দৈনিকটির সম্পাদক মতিউর রহমান। 'একটি মহল সক্রিয়' বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী সময়ের কথা উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেন, "আওয়ামী লীগের মধ্যে যখনই দৃঢ়তার অভাব ছিলো, তখনই আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে।" আশরাফ বলেন, "অনেক সময় আমরা গা ভাসিয়ে দিই। অনেক সময় মনে হয়- ক্ষমতার ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।" বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর, জেলহত্যা, ২১ অগাস্ট গ্রেনেড হামলা এবং যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে গুরুত্ব আরোপ করে আশরাফ বলেন, "শেখ হাসিনা না থাকলে, তিনি নেতৃত্বে না থাকলে- আমরা এই কাজগুলো করতে পারবো না।" বেহাল সড়ক ও দ্রব্যমূল্য পরিস্থিতি স্বীকার করে আশরাফ বলেন, "রাস্তাঘাট ঠিক করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।" সা¤প্রতিক সময়ে ক্ষমতাসীন দলের মন্ত্রী-সাংসদদের পাল্টাপাল্টি বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, আওয়ামী লীগে নেতায় নেতায় দ্বন্দ্ব এবং নেতার সঙ্গে কর্মীর ও আওয়ামী লীগের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি করার জন্য একটি মহল কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে শেখ হাসিনা উপস্থিত থাকার কথা ছিলো। কিন্তু, শারীরিক অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী আসতে পারেননি। আলোচনা সভার সভাপতি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী দলীয় প্রধানের পক্ষ থেকে আলোচনা সভায় আসা সবার কাছে এজন্য দুঃখ প্রকাশ করেন। আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম ও সাহারা খাতুন এবং ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আহত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুর রহমান বাচ্চু ও ঢাকা মহানগর (উত্তর) মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা ফেরদৌসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯২৩ ঘ.