২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

যাত্রীবেশে সিএনজি অটোরিকশা চুরি করেছে এমন দুজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রীবেশে সিএনজি অটোরিকশা চুরি করেছে এমন দুজনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। নগরীর ঈদগাহ এলাকা থেকে গ্রেপ্তার এই দুজন হলেন- মো. রফিক ওরফে রানা (৫০) ও সুজন মিয়া (২৫)। শুক্রবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার ও চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধারের পর শনিবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তাররা অটোরিকশা চোর চক্র 'সাহেব গ্র"পের' সদস্য। এ চক্রের প্রায় ২৫ জন সদস্য নগরী ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অটোরিকশা চুরি করে। তিনি জানান, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর জিইসি মোড় থেকে কালুরঘাট যাওয়ার কথা বলে একটি অটোরিকশাভাড়া করে চোর চক্রের এক সদস্য। "কিছু দূর যাওয়ার পর ওই যাত্রীবেশী চোর চালককে জানান হোটেল পেনিনসুলার সামনে তার গৃহকর্তা দাঁড়িয়ে আছে তাকে তুলে নিতে হবে। হোটেলের সামনে থেকে কোট টাই পরা আরেক চোর অটো রিকশাটিতে ওঠে।" ফজুলল জানান, কোট টাই পরা লোকটি ওঠার পর আগের যাত্রী গাড়ি থেকে নেমে যান। কিছুদূর যেতেই কোট টাই পরা লোকের মোবাইল ফোনে একটি কল আসে। এ সময় ওই যাত্রী চালককে বলেন- একটু আগে নেমে যাওয়া লোকটির মা মারা গেছেন। তুমি গাড়ি থামিয়ে তাকে ডেকে আনো। "তার কথা মতো চালক নেমে যাওয়া লোকটিকে ডাকতে গেলে কোট টাই পরা লোকটি রাস্তার নির্ধারিত স্থানে আগে থেকে অপেক্ষায় থাকা চোর চক্রের আরেক সদস্যের সহযোগিতায় অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।" এস আই ফজলুল জানান, চোর দলের সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ঈদগাহ এলাকায় গিয়ে অটোরিকশাটির নাম্বার প্লেট ঘষামাজা করার সময় স্থানীয়রা তাদের আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় অটোরিকশার চালক বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করেছেন। গনপিটুনিতে আহত দুই চোর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৩৩ ঘ.