২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগীয় তদন্ত কমিটি আবার আমিনবাজারে

আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 02:39 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

সাভার, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটি দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে কমিটির সদস্য ঢাকা মহানগর হাকিম উৎপল চৌধুরী শনিবার বলেন, "নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।" সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘটনাস্থল বড়দেশী গ্রামের কেবলারচর পরিদর্শন করে এক সদস্যের এই তদন্ত কমিটি । এ সময় র‌্যাবের বুলেট প্র"ফ জ্যাকেট ও হেলমেট পরে আহত আল-আমিন তদন্ত দলের সঙ্গে থেকে তদন্ত দলকে ঘটনার বর্ণনা দেন। নিহত কয়েক ছাত্রের স্বজনও সেখানে উপস্থিত ছিলেন। গত ১৭ জুলাই গভীর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। সমালোচনার মুখে পুলিশ এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে। নিহতের পরিবারের সদস্যরা এ কমিটি নিয়ে প্রশ্ন তোলার পর হাইকোর্টের নির্দেশে গত ১০ অগাস্ট এ বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে সরকার। কমিটি ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কমিটি গত ১১ অগাস্ট প্রথমবার ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সাক্ষ্য নেয়। আল আমিনকে বুলেট প্র"ফ জেকেট ও হেলমেট পরানোর বিষয়ে জানতে চাইলে উৎপল চৌধুরী সাংবাদিকদের জানান, এই ঘটনার একমাত্র সাক্ষী আল-আমিন। তার নিরাপত্তার দিকটি বিবেচনা করেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আল-আমিন উপস্থিত সাংবাদিকদের জানান, ঘটনার রাতে তারা গাবতলী পর্বত সিনেমা হলের পাশের একটি হোটেল থেকে তেহারী কিনে বড়দেশী ব্রিজের নীচে ড্রেজারের পাইপের ওপর বসে খান। এসময় কয়েক ব্যক্তি তাদের দিকে টর্চের আলো ফেলে। তখন ভয়ে তারা পাইপের উপর দিয়ে হেঁটে কেবলার চরের দিকে যায়। এর পরই ডাকাত বলে তাদের ওপর হামলা চালানো হয় বলে জানান আল-আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/সিএস/পিডি/২০৩৭ ঘ.