২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক প্রধান শিক্ষক

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষকের হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

বাগেরহাট, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষকের হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছেন। হুমকির অভিযোগে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কচুয়া থানার ওসি আ ন ম খাইরুল আলম জানান, উপজেলার শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আনোয়ার হোসেন শুক্রবার সকালে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজুর রহমান তরুণের বিরুদ্ধে একটি জিডি করেছেন। মোল্লা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও সহকারী শিক্ষক ফিরোজুর রহমান তরুণ সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি লোকজন দিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধিদের উপর চাপ সৃষ্টি করছেন যাতে তাকে প্রধান শিক্ষক করা হয়। এছাড়া তাকে (মোল্লা আনোয়ার হোসেন) প্রাণে মারার হুমকিও দিচ্ছেন। ফলে তিনি স্কুলে আসতে পারছেন না। এ অভিযোগ অস্বীকার করে ফিরোজুর রহমান তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কাউকে হুমকি দেননি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থানায় মিথ্যা অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক হওয়ার ব্যাপারে তিনি বলেন, "প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আমি আবেদন করেছিলাম। পরে সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০২৯ ঘ.