মুন্সীগঞ্জ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারে দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ রুটে বাস চলাচল শনিবারও বন্ধ ছিল। গত বুধবার থেকে এ রুটে কোনো বাস চলছে না।
এই সড়কের নারয়ণগঞ্জের অংশে চরমুক্তাপুর থেকে পঞ্চবটি পর্যন্ত আট কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থানে বহু ছোটবড় গর্ত। গর্তে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সড়কটির এই অংশের দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলায় গর্তগুলোতে ইটের খোয়া এবং বালু ফেলে মেরামত করা হচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মঞ্জুর রহমান জানিয়েছেন, যেভাবে মেরামত হচ্ছে তাতে বাস চলাচল উপযোগী নয়। পানি নিস্কাশনের কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। এতে সামান্য বৃষ্টিতেই আবারো রাস্তায় পুকুর হয়ে যাবে।
সমিতির সচিব সানাউল্লাহ ব্যাপারী দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ (শনিবার) এখনো মুন্সীগঞ্জ থেকে এই রুটে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। রাস্তা সংস্কার না হলে গাড়ি চালানো সম্ভব নয়।
এদিকে এই সড়ক সংস্কারের দবিতে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু এলাকায় সকালে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
কয়েকশ' নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।
এখানে সিপিবি'র মুন্সীগঞ্জ জেলা সভাপতি স ম কামাল হোসেন, সধারণ সম্পদক হামিদা খাতুনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আগামী ৪ দিনের মধ্যে রাস্তা চলাচল উপযোগী করা না হলে অবোরধ, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা যোগাযোগ মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
বরিশাল প্রতিনিধি জানান, সড়ক ও নৌ-পথে দুর্ঘটনা রোধ এবং ঢাকা-বরিশাল নৌ-রুটের রোটেশন প্রথা বাতিলের দাবিতে সকালে মানবন্ধন করেছে সম্মিলিত সংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা যোগাযোগ ও নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
বেলা ১০টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন অ্যাডভেকেট নজরুল ইসলাম চুন্নু, কলেজ শিক্ষক মোহাম্মদ হানিফ, প্রেসক্লাব সভাপতি বনবেন্দ্র বটবেল, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সাং®কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ দুলাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24