চট্টগ্রাম, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শ্রমিক।
শনিবার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকার পেনিনসুলা শিপ ব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সেলিম (২৮) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিদাপুর এলাকার আব্দুল আজিজের ছেলে।
আহত নূর মোহাম্মদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ করার সময় জাহাজ থেকে পড়ে আহন হন সেলিম ও নূর মোহাম্মদ। আশঙ্কাজনক অবস্থায় তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে সেলিমের মৃত্যু হয়।
ইয়ার্ডটির মালিক বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. জাফর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমইউএস/আরএ/১৮০২ ঘ.
bdnews24