রংপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস-ট্রাক টার্মিনাল সংস্কার এবং মহাসড়কে নছিমন, করিমন ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে শনিবার সকাল ঢাকাসহ আন্তঃজেলা ও অভ্যন্তরীণ ২৬টি রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। ট্রাক, ট্যাংক লরি, পিক আপও চলছে না।
ঈদের আগে মটর শ্রমিকদের ধর্মঘট আহ্বান করায় এসব রুটের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কে করিমন, ভটভটি, অটোরিকশা চলাচল বন্ধসহ পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
শুক্রবার বিকালে রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, সংস্কারের অভাবে সামান্য বৃষ্টি হলেই টার্মিনাল অনুপযোগী হয়ে পড়ে। টার্মিনাল ভবনের ছাদ দিয়েও পানি পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ট্রাক টার্মিনালের পরিস্থিতিও একই রকম বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১২২ ঘ.
bdnews24