আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়কে দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তবে পদত্যাগের দাবি নাকচ করেছেন তিনি।
সৈয়দ আবুল হোসেন শনিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়ক মেরামতের কাজ সরেজমিন দেখতে যান।
প্রধানমন্ত্রীর ধমক শুনে তিন দিন আগে প্রথম ওই সড়ক দেখতে গিয়েছিলেন তিনি। তবে সেদিন গাড়ি থেকে নামেননি।
শনিবার গাড়ি থেকে নেমেই সড়কের সার্বিক অবস্থা দেখেন মন্ত্রী। বেহাল সড়কের জন্য নিজের মন্ত্রণালয়ের দায়িত্বশীলতার কিছুটা অভাব ছিলো বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেন তিনি। তবে মূল দায় আবারও তিনি দেন অর্থ মন্ত্রণালয়কে, বলেন পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কথা।
বেহাল মহাসড়কের দায় নিয়ে যোগাযোগমন্ত্রীকে পদত্যাগ করতে সংসদের ভেতরে-বাইরে দাবি উঠেছে। পদত্যাগ করবেন কি না- জানতে চাইলে উল্টো সাংবাদিকদের এ প্রশ্নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন আবুল হোসেন।
যোগাযোগমন্ত্রী অর্থ বরাদ্দ না দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করলেও তা নাকচ করে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রীর পদত্যাগ চাইছেন কি না- জানতে চাইলে তা এড়িয়ে যান আবুল হোসেন।
জনগণের কাছে ক্ষমা চাইছেন কি না, প্রশ্ন করা হলে তিনি 'স্যরি' বলেন।
বর্ষা মৌসুম শুরু হওয়ার পর দেশের বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে। যার ফলে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েও এর প্রতিবাদ জানিয়েছে বাস মালিকরা।
'মানুষের সৃষ্ট সমস্যায় এ অবস্থা'
আপদমস্তক কালো পোশাক পরা শনিবার সড়ক পরিদর্শনে বেরোন যোগাযোগমন্ত্রী। তার পায়েও ছিলো কালো জুতা। মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্বে) আব্দুল কুদ্দুস, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।
ঢাকা-ময়মনসিংহ সড়কের দুরবস্থার জন্য আশে-পাশে উঁচু ভবন ও কলকারখানা থেকে তরল বর্জ্য রাস্তায় ছেড়ে দেওয়াকে দায়ী করেন মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
তিনি বলেন, "বড় বড় কারখানাগুলো হঠাৎ করে ভেঙে নেওয়া যাবে না। তবে বিবেক বিবর্জিতভাবে যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
সড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের সৃষ্ট সমস্যায় এ অবস্থা হয়েছে।"
গত ১৬ অগাস্ট যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এই সড়কটি পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের বলেছিলেন, "ন্যাচারাল ডিজাস্টার (প্রাকৃতিক দুর্যোগ) তথা ১৫ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, তাই সড়কের ক্ষতি হয়েছে।"
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, বছরওয়ারি হিসাবে জুন মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হয় ২০০১ সালে।
'হালকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু রোববার'
সরেজমিন দেখা গেছে ঢাকা-ময়নমনসিংহ মহাসড়কে গাজীপুরের পৃথক দুইটি স্থানে প্রায় পাঁচ কিলোমিটার সড়কে অবৈধ স্থাপনা ও খানাখন্দের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চলাচলের অনুপোযোগী হয়েছে পড়েছে সড়কটি।
ঢাকা থেকে গাজীপুরের মাওনা চৌরাস্তা পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় ৫০ কিলোমিটার।
চলাচলের অনুপোযোগী সড়কের মধ্যে ভোগরা এলাকায় প্রায় তিন কিলোমিটার সড়কে ৩০/৩৫টি পোশাক কারখানার নোংরা পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই সড়কের ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে রয়েছে।
ওই পানির কারণে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার পাশাপাশি সড়কের অর্ধেক অংশ জুড়ে সারাক্ষণ পানি থাকে।
এছাড়া মাওনা চৌরাস্তা এলাকার দুই কিলোমিটার জুড়ে সড়কের দুই ধার দিয়ে অস্থায়ী টঙ ঘর বানিয়ে বাজার বসিয়েছে স্থানীয়রা। পাশাপাশি পোশাক কারখানার পানিও এসে জমা হচ্ছে সড়কের উপর। এখানেও ড্রেনেজ ব্যবস্থা বলতে কিছু নেই।
মাওনা চৌরাস্তা এলাকার এক ব্যবসায়ী মোহাম্মদ এনামুল বলেন, "স্থানীয় প্রভাবশালীদের কারণে সড়কের ওপর থেকে বাজার সরানো যাচ্ছে না। এ কারণে প্রায় যানজট থাকার পাশাপাশি জলাবদ্ধতার জন্য সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।"
শনিবার সকালে ওই দুই স্থানে সংস্কারের কাজ শুরু হয়েছে।
ভোগরা এলাকায় একজন মুদি দোকানদার মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় সাত/আট বছর ধরে এই মহাসড়কের দুই স্থানে খানাখন্দের পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব দেয় না। যে কারণে পরিস্থিতি এখন চরম আকারে পৌঁছেছে।"
এ নিয়ে এলাকাবাসী কয়েক দফা মিছিল-সমাবেশ ও মানববন্ধনও করেছে বলে জানান তিনি।
সড়কের ওপর গড়ে ওঠা হালকা ধরনের অবৈধ স্থাপনা রোববার থেকে উচ্ছেদ করা হবে বলে জানান যোগাযোগমন্ত্রী।
'
প্রধানমন্ত্রীকে হিসাব দেওয়া হবে'
সড়ক মেরামত না করতে পারার মূল দায় আবারও অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন সৈয়দ আবুল হোসেন।
সাংবাদিকরা অর্থ বরাদ্দের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, "চলতি অর্থবছরে সড়ক মেরামতের জন্য পাঁচ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিলো। কিন্তু কোনো অর্থ ছাড় করা হয়নি। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর শর্ত সাপেক্ষে ৬৯০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।"
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যোগাযোগ মন্ত্রণালয়ে গত ১০ বছরের আর্থিক হিসাব চেয়েছেন প্রধানমন্ত্রী। খুব শিগগির তা দেওয়া হবে। সেই সঙ্গে আদালত পাঁচ বছরের যে হিসাব চেয়েছে তাও সময় মতো জমা দেওয়া হবে।"
সড়ক ব্যবস্থা গত সপ্তাহে যোগাযোগমন্ত্রী ও ওই মন্ত্রণালয়ের সচিবকে তিরস্কার করেন শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংসদেও মন্ত্রীর পদত্যাগ দাবি করেন ক্ষমতাসীন মহাজোটের সংসদ সদস্য রাশেদ খান মেনন। সমালোচনা করেন সরকারদলীয় অন্য সংসদ সদস্যরাও।
দলে ও দলের বাইরে পদত্যাগের দাবির মুখে বৃহস্পতিবার সবার সহানুভূতি চান আবুল হোসেন।
'বৃষ্টি না হলে আপাতত সমাধান হবে'
মন্ত্রী জানান, সারাদেশের ২১ হাজার ৪০ কিলোমিটার মহাসড়কের মধ্যে ১৫০০ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে নাজুক।
ঈদের আগেই সংস্কার শেষ হবে দাবি করে মন্ত্রী বলেন, "মেরামত কাজের অগ্রগতি নিয়ে আমি সন্তুষ্ট। এখন যেভাবে মেরামত কাজ চলছে তাতে ঈদের আগে বৃষ্টি না হলে আপাতত সমস্যার সমাধান হবে।"
বৃষ্টি হলে সড়ক আবার বেহাল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/পিডি/২১৪৫ ঘ.
bdnews24