মৌলভীবাজার, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় শুক্রবার রাতে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
আহত একজন হলেন স্থানীয় ব্যবসায়ী তুহিন। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তুহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, রাত ১০টার দিকে কুসুমবাগ এলাকার ব্যবসায়ী তুহিনের সঙ্গে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরের ছেলে সাগরের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জেরে দু'পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে মডেল থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তৌহিদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩৬ ঘ.
bdnews24