শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি কাটাতে শেকড়ের টানে ঘরমুখো মানুষ ধুকছেন পদে পদে। বাস ও ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হলেও এ যেন সোনার হরিণ। সঙ্গে যোগ হয়েছে বিপর্যস্ত সড়কের বেহাল চিত্র। সব মিলিয়ে আনন্দের ঈদ অনেকের কাছে 'দুশ্চিন্তার' উপসর্গ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে এমন বক্তব্যই পাওয়া গেল ঘরমুখো মানুষের কাছ থেকে।
ঈদ উপলক্ষে গত ১৬ অগাস্ট থেকে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পর দিনই শুরু হয় বেসরকারি বাসের ২৭, ২৮, ২৯ ও ৩০ অগাস্টের টিকিট বিক্রি। তবে শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা আর মেলেনি। বাধ্য হয়ে আগেভাগে পরিবারের সদস্যদের পাঠানোর প্রতিযোগিতায় নেমেছেন অনেকেই।
শুক্রবার সকালে কল্যাণপুর ও কলেজ গেটের বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে এরকম 'আগেভাগে' বাড়ি ফেরার প্রত্যাশী মানুষের ছিলো উপচে পড়া ভিড়।
রংপুর যাওয়ার টিকিট সংগ্রহের জন্য কলেজ গেটে হানিফ কাউন্টারে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুনায়েদ আশরাফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, আগামী ২৫ অগাস্ট থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাবে। ঝামেলা এড়াতেই ঈদের অনেক আগেই তিনি বাড়ি ফেরার টিকিট সংগ্রহের জন্য এসেছেন।
হানিফ পরিবহনের কলেজ গেটের শাখার টিকিট বিক্রয়কর্মী আলম জানান, বিক্রির প্রথমদিনই বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। তাই ভোগান্তি এড়াতে অনেকেই তাদের পরিবারের সদস্যদের আগেভাগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। সংগ্রহ করছেন ২২ থেকে ২৬ তারিখের টিকিট।
আসাদগেটে শ্যামলী পরিবহনের কাউন্টারে কথা হয় বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, গতবার ঈদের দুইদিন আগে বাড়িতে যেতে যানজট সহ নানা ভোগান্তি পোহাতে হয়েছিলো। ছেলে মেয়েদের স্কুল কলেজ ছুটি আর কেনা-কাটা শেষ হয়ে যাওয়ায় এবার পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
কাউন্টারের বিক্রয় কর্মকর্তা হামিদ জানান, নির্বিঘেœ বাড়ি পৌঁছতে ঈদের ১২দিন আগেই যাত্রীরা তাদের গন্তব্যে যাত্রা শুরু করেছেন। বেহাল রাস্তাঘাট আর টিকেট সংকটের কারণে এবার প্রথম থেকেই বেশ চাপ নিতে হচ্ছে।
গাবতলী ও কল্যাণপুর এলাকায় উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গ রুটের যাত্রীদের ভিড়ও ছিলো লক্ষ্যণীয়। মহাখালী বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র।
নেত্রকোনার যাত্রী মেহরাব আসলাম ঈদের এতো আগে বাড়ি ফেরা প্রসঙ্গে জানান, বেহাল রাস্তাঘাটের জন্য ঈদের আগেই তার পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন।
টিকিট নেই ট্রেনেরও
শুধু বাসে নয়, রেল স্টেশনগুলোতে দেখা গেছে টিকিট প্রত্যাশীদের বাড়তি চাপ। মূলত বিপর্যস্ত সড়ক পথের কারণে এবার ট্রেনের ওপর বাড়তি চাপ পড়েছে বলে জানিয়েছেন অনেক যাত্রী।
শুক্রবার একতা, পরাবত, করতোয়া, জয়ন্তিকা এক্সপ্রেসসহ অন্যান্য রুটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ বেশিরভাগ ট্রেনই আসছে দেরিতে।
জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তনয় রহমান জানান, দুপুর ২টায় ট্রেন আসার কথা থাকলেও তা এসেছে এক ঘণ্টা দেরিতে।
দেরির কারণ জানার জন্য ডিভিশনাল ট্রানপোর্ট অফিসার (ঢাকা) মিজানুর রহমানের মোবাইলে ফোন করেও তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জিএনএ/২০৩৩ ঘ.
bdnews24