২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পিড়াগাতি গ্রামে এ সংঘর্ষের সময় ১৫টি বাড়িতে হামলা ও ভাংচুর হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে সাতজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মজনু, আকরাম, লাকু, টিটো, ওহিদ, সালাম ও ওহাব। শৈলকূপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বিকালে পিড়াগাতি গ্রামের মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রাশেদা বেগমের সমর্থক আব্দুস সালামকে একই গ্রামের ইউপি সদস্য রইচ উদ্দিনের লোকজন পিটিয়ে আহত করে। এর জের ধরে শুক্রবার সকাল ৯টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত পিড়াগাতি মধ্যপাড়া, পশ্চিমপাড়া ও দিঘল গ্রামে ঢাল-সড়কি, রাম দা ও লাঠি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলে। এ সময় পিড়াগাতি গ্রামের ১৫টি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয় বলে কামাল হোসেন জানান। তিনি বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।" ইউপি সদস্য রাশেদা বেগমের স্বামী পুলক বলেন, "বৃহস্পতিবার রইচের লোকজন বিনা কারণে আব্দুস সালামকে লোহার রড দিয়ে পেটায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুক্রবার সংঘর্ষ হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৯৪৯ ঘ.