সাতক্ষীরা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলেজছাত্র রাফেউজ্জামান হত্যা মামলার তিন আসামিসহ সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে আদালতে।
বৃহস্পতিবার সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন শহরের মুনজিতপুর এলাকার আব্দুল মাজেদ মাস্টার।
বিচারক মো. শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন সদর উপজেলার গোবরদাড়ী গ্রামের বাসিন্দা তালা উপজেলার পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. সফিকুর রহমান, তার ভাই সাবেক শুল্ক কর্মকর্তা মো. হামিদুর রহমান সরদার, একই গ্রামের দাউদ হোসেন সরদার এবং সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন শহরের নওয়াব ক্লিনিকের মালিক ডা. মো. এবাদুল্লাহ।
মামলার নথি থেকে জানা যায়, বাদী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছেলে রাফেউজ্জামান সাতক্ষীরা রাজারবাগান সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষ এবং সাতক্ষীরা ল-কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
২০০৬ সালের ২২ জানুয়ারি আসামিরা তার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিনই সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার এক আসামি হলেন সফিকুর রহমান। ঘটনার পরদিন ২৩ জানুয়ারি পুলিশ সফিকুর রহমানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে সাতক্ষীরা দায়রা জজ আদালত থেকে একই বছরের ৭ ফেব্রুয়ারি তিনি জামিনে মুক্ত হন।
এরপর হামিদুর রহমান, দাউদ হোসেন ও সফিকুর রহমান একটি ভুয়া মেডিক্যাল সার্টিফিকেট নেন মো. এবাদুল্লাহর কাছ থেকে।
৮ ফেব্রুয়ারি স্বাক্ষরিত সার্টিফিকেটে ডা. এবাদুল্লাহ উল্লেখ করেন, ২০০৬ সালের ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সফিকুর রহমান উচ্চ রক্তচাপজনিত কারণে তার ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
এই সার্টিফিকেট সফিকুর রহমান আদালত ও তার কলেজে দাখিল করে প্রতারণা করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৯ ঘ.
bdnews24