২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফ্রেড সরেণ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নওগাঁর সাঁওতাল নেতা আলফ্রেড সরেণ হত্যার একাদশ বার্ষিকীতে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতীকী অনশন করেছে দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নওগাঁ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাঁওতাল নেতা আলফ্রেড সরেণ হত্যার একাদশ বার্ষিকীতে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতীকী অনশন করেছে দুটি সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় প্রধান সড়কে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ২০০০ সালের ১৮ অগাস্ট ভীমপুর সাঁওতাল পল্লীতে হাতেম-গদাই বাহিনী আলফ্রেড সরেণকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ সময় হত্যাকারীরা পল্লীর ১১টি পরিবারের বাড়িঘর ভাংচুর লুটপাটসহ অগ্নিসংযোগ করে। আহত হয় নারী-শিশুসহ ৩০ জন। মানববন্ধনে সিপিবি নেতা ময়নুল হক মুকুল, মহসীন রেজা, আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা এবং আলফ্রেড সরেণের বোন রেবেকা সরেণ বক্তব্য রাখেন। তারা বলেন, আলফ্রেড সরেণ হত্যার ১১ বছর পার হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। আসামিরা জামিনে বেরিয়ে এসে আবার সাঁওতাল পল্লীর বাসিন্দাদের উচ্ছেদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনের পর একই দাবিতে স্থানীয় শহীদ মিনারের পাদদেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে বেসরকারি সংগঠন ব্রতী। এর আগে মহাদেবপুর উপজেলার ভীমপুরে আলফ্রেড সরেণের সমাধিতে ফুল দেয় বিভিন্ন সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৪ ঘ.