নারায়ণগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি এলপি গ্যাসের গুদামে বিস্ফোরণে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার ভূইগড় কাজীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই গুদামের টিনের চালা উড়ে গেছে ও দুই দিকের দেয়াল ধসে পড়েছে।
আহতরা হলেন- রাজিব আহম্মেদ, মিজানুর রহমান, আজিজুল হক, আলী হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, আমির হোসেন, মিজান আহম্মেদ, জামাল হোসেন ও আব্দুল করিম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, ভোর ৬ টার দিকে ভূইগড় এলাকার এম এস রুহিন এন্টারপ্রাইজের গ্যাসের গুদামে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয়রা এগিয়ে এসে প্রতিষ্ঠানের ভেতরে থেকে দ্বগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে। এ সময় অন্য শ্রমিকেরা পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসী জানায়, রাতে ২০/২৫ জন শ্রমিক ওই গুদামে কাজ করতো। দিনের বেলায় প্রতিষ্ঠানটি প্রায় সময় বন্ধ থাকতো।
ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন জানান, বিস্ফোরণে আহত ওই প্রতিষ্ঠানের ১০ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
এলাকাবাসী বলছে, ওই গুদামে সিলিন্ডার থেকে গ্যাস কমিয়ে তা দিয়ে নতুন সিলিন্ডার ভরা হতো।
ওসি বলেন, প্রতিষ্ঠানটি বৈধ কি না, তার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮০৫ ঘ.
bdnews24