২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমার আত্মহত্যার ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

মৌলভীবাজারের শমশেরনগরে ট্রেনে ঝাঁপ দিয়ে সন্তানসহ গৃহবধু রুমা বেগমের (৩২) আত্মহত্যার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রুমার স্বামী লেচু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

মৌলভীবাজার, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শমশেরনগরে ট্রেনে ঝাঁপ দিয়ে সন্তানসহ গৃহবধু রুমা বেগমের (৩২) আত্মহত্যার ঘটনায় বুধবার রাতে মামলা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রুমার স্বামী লেচু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে মা ও ছেলের লাশ রুমার বাবার বাড়ি কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামে দাফন করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে লেচুকে আদালতের মাধ্যমে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আয়মুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১১টার দিকে মামলাটি দায়ের করা হয়। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে রুমার স্বামী লেচু মিয়া ও শ্বাশুড়ি নুরুন্নেছা বেগমকে আসামি করা হয়েছে। রুমার বোন রোকসানা বেগম রোকেয়া হত্যা মামলাটি দায়ের করেন। মামলার ঘণ্টাখানেকের মধ্যে কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাড়ি থেকে লেচু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তবে রুমার শ্বাশুড়ি পালিয়ে যান বলে পুলিশ জানায়। পুলিশ কর্মকর্তা আয়মুছ জানান, গ্রেপ্তারের পর লেচু অসুস্থ হয়ে পড়ায় তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তান রায়হানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন রুমা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ও দুই বছর বয়সি ছেলের। মামলা এজাহারে বলা হয়, প্রায় ৬-৭ বছর আগে কাঠমিস্ত্রী লেচু মিয়ার সঙ্গে রুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রুমাকে শারীরিক নির্যাতন করতো লেচু। রুমা যেদিন আত্মহত্যা করেন সেদিন ভোরেও রুমার সঙ্গে মোবাইল ফোনে তার বোন রোকেয়ার কথা হয়। রুমা রাত্রে স্বামীর নির্যাতনের কথা রোকেয়াকে জানান। লেচুর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে রুমা সন্তানকে নিয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে মামলার অভিযোগে বলা হয়। পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য গ্রামের মজুমদার আলীর পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে রুমা ছিল চতুর্থ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৭ ঘ.