২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হত্যামামলায় যুব ও ছাত্রলীগের ২৪ জন খালাস

বরিশাল বিসিক শিল্প নগরীর বিস্কুট কারখানার শ্রমিক রাহাত হত্যামামলায় খালাস পেয়েছে সরকার সমর্থক দুই সংগঠন যুব ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

বরিশাল, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিসিক শিল্প নগরীর বিস্কুট কারখানার শ্রমিক রাহাত হত্যামামলায় খালাস পেয়েছে সরকার সমর্থক দুই সংগঠন যুব ও ছাত্রলীগের ২৪ নেতাকর্মী। বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ মামলার রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের অব্যাহতি দেওয়ার কথা রায়ে বলা হয়। খালাসপ্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংস্কৃতি সম্পাদক শফিউল্ল্যাহ মোনায়েম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ শেখ মাসুদ উদ্দিন রানা ওরফে কুতুব রানা, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, বরিশাল সরকারি কলেজের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ, বিএম কলেজের সাবেক ভিপি জসিমউদ্দিন, ছাত্রলীগকর্মী খোকন, রিপন (১), মাকসুদ আলম রিপন, অজয় কর শংকর, তমাল মালাকার, দুলাল দাস দুলু, তারেকুজ্জামান তারা, সোহাগ (২), আলমগীর হোসেন বাচ্চু, চৌধুরী সুমন, প্রদীপ, ধোপা খোকন, কাইউম হোসেন মিল্টন, যুবলীগ নেতা পানামা ফারুক, মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, কালা বিপ্লব ও ইউসুফ আলী। ২০০১ সালের ১৪ জুলাই বিকালে কাউনিয়া বিসিক এলাকার আব্দুল মান্নান খানের ছেলে রাহাত খান বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরি থেকে বাসায় ফেরার পথে গোলাগুলিতে পড়ে নিহত হন। পরদিন মান্নান বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৮ জনকে আসামি করে মামলা করেন। ২০০২ সালের ২ সেপ্টেম্বর কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। ১৮ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য নিয়ে ঘটনার ১০ বছর পর বৃহস্পতিবার মামলার রায় হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩০ ঘ.