ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেহাল মহাসড়ক নিয়ে বাইরে দাবি ওঠার পর এবার সংসদে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই যোগাযোগমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের দশম অধিবেশনের শুরুতে পয়েন্ট অফ অর্ডারে বেহাল মহাসড়ক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
এতে মহাজোট শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করার আহ্বান জানান।
সরকারদলীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুজিবুল হক চুন্নু ও তারানা হালিমও যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে বক্তব্য রাখেন। সমালোচনা করেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিমও।
সংসদ সদস্যদের বাক্যবাণে জর্জরিত যোগাযোগমন্ত্রী বলেন, মহাসড়কগুলোর বর্তমান অবস্থার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত টাকা না পাওয়াই দায়ী।
অর্থের জন্য যদি মহাসড়কের এ দুরবস্থা হয়, তবে সে জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি ইনু।
তবে আবুল হোসেনের কথায় মন্ত্রণালয়ের দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ পেলে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী যোগাযোগমন্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, "আপনি এই সমস্যাকে মন্ত্রণালয়ের দ্বন্দ্ব হিসাবে উপস্থাপন করছেন। দুই মন্ত্রণালয়ের দ্বন্দ্ব থাকলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন। কেবিনেটে নিয়ে যাবেন। আমরা আপনার কাছে আশার বাণী শুনতে চাই।"
তখন মন্ত্রী বলেন, "আমি প্রাণপণ চেষ্টা করে খারাপ রাস্তা মেরামতের চেষ্টা করছি।"
বর্ষা মৌসুমে দেশের মহাসড়কগুলো নাজুক অবস্থায় পৌঁছায় ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংস্কারের পর তা চালু হলেও বাস বন্ধ হয়ে গেছে ঢাকা-মুন্সীগঞ্জ রুটে। এছাড়া আরো কয়েকটি বেহাল সড়ক নিয়েও অসন্তোষ রয়েছে।
সড়কের এ নাজুক অবস্থা নিয়ে বিভিন্ন মহল থেকে যোগাযোগমন্ত্রীর সমালোচনা ওঠে। তার পদত্যাগ দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়। বিভিন্ন আলোচনা সভায়ও একই দাবি ওঠে।
তবে গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা উঠলে যোগাযোগমন্ত্রী পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়ার অভিযোগ তুলে এ জন্য অর্থমন্ত্রীকে দায়ী করেন। অন্যদিকে অর্থমন্ত্রী এর দায় অস্বীকার করে বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের তদারকির অভাবই এর কারণ।
এই যখন অবস্থা তখন বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, "ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেন করার কোনো খবর নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চোখে দেখি না, আর পদ্মা সেতুরও খবর নেই।
"আমার ৩৩ মাস ধরে ক্ষমতায় আছি। বিগত সরকার বিদ্যুতের ও রাস্তার সমস্যার সমাধান করতে পারেনি। সে জন্যই আমরা বিপুল আসনে জয়ী হয়েছি। সরকারের ভালো মন্দের সঙ্গে আমাদের ভালো মন্দও জড়িত।"
এ সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তোফায়েলের বক্তব্য সমর্থন করেন।
সংসদের অষ্টম অধিবেশনে তোফায়েল আহমদ ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের নাজুক অবস্থা নিয়ে বক্তব্য দেওয়ায় আবুল হোসেন এ নিয়ে ব্যাঙ্গ করেন জানিয়ে মেনন বলেন, "যোগাযোগমন্ত্রী সেদিন সড়কের ওই অবস্থা শুধু অস্বীকারই করেননি, অনেক বয়ানও দেওয়া হয়েছিলো।"
মন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনো গণতান্ত্রিক দেশে এরকম হলে নিশ্চয়ই কোনো মন্ত্রী পদ আঁকড়ে রাখতে না। দায়িত্ব স্বীকার করে ছেড়ে দিতেন।"
যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার জন্য জাতীয় সংসদে বির্তকের দাবি জানিয়ে মেনন বলেন, "অর্থ, না যোগাযোগমন্ত্রী দায়ী তা নির্ধারণ করতে হবে। পুঁটি মাছকে ধরে বোয়াল মাছকে ছেড়ে দেবেন, তা হবে না।"
সা¤প্রতিক সড়ক দুর্ঘটনাগুলোকে 'ঠাণ্ডা মাথায় খুন' অখ্যায়িত করে ইনু বলেন, "মৃত্যুর ঘটনা দেখে আমরা আতঙ্কিত। এখন জীবনের নিরাপত্তা নেই। দেশের মহাসড়কগুলোতে এখন মহাবিপর্যয়।"
অর্থমন্ত্রীর বরাদ্দ না দিলে তাকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ইনু। তিনি বলেন, "আমরা কৈফিয়ত চাই না, ত্বরিত ব্যবস্থা চাই।"
তোফায়েল, সুরঞ্জিত মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দেন।
তোফায়েল বলেন, "আগে উনি (অর্থমন্ত্রী) বললেন, অর্থ মন্ত্রণালয়কে কোনো অর্থ ছাড় দিতে হয় না। আর, কাল (বুধবার) উনিই টাকা ছাড় দিলেন।"
বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা না করে বাইরে কথা বলায় মন্ত্রীদের সমালোচনা করেন সাবেক মন্ত্রী তোফায়েল।
অর্থমন্ত্রীকে কম কথা বলার আহ্বান জানিয়ে তোফায়েল বলেন, "শেয়ার মার্কেট দেখবে এসইসি। উনি (মুহিত) একটা কথা বললেন, আর শেয়ার মার্কেট পড়ে গেলো। ওনার এতো বেশি কথা বলার দরকার নেই।"
অর্থ সচিব মোহাম্মদ তারেক সম্পর্কে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, "অর্থ সচিব সম্পর্কে কিছু না বলে পারছি না। আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে তার কথা বলেছি। কোনো কিছু না করতে পারলেই যেন (তিনি) ভালো থাকেন।"
মন্ত্রীদের পাল্টাপাল্টি বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, সব কিছুর জন্য মন্ত্রিসভা সমষ্ঠিগত ভাবে দায়ী।
ফজলুল আজিম বলেন, "গলদ কোথায় তা খুঁজে বের করতে হবে। মানুষ আর সহ্য করবে না।"
জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু যোগাযোগমন্ত্রীর সমালোচনা করে বলেন, "ট্রুথ কমিশনে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের তিনি গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। মহাজোট সরকারের জনপ্রিয়তা ধসের জন্য তিনিই দায়ী।"
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম বলেন, "পরীক্ষা নিয়েই লাইসেন্স দেওয়ার কথা শুনছি। এ লাইসেন্সের কারণে কেউ যদি মারা গেলে তার দায়িত্ব কে নেবে?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24