ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ঐক্যজোট নেতা মুফতি আমিনীর জঙ্গি সম্পৃক্ততা তদন্তের জন্য উচ্চ ক্ষমতার একটি কমিটি করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সংবিধান ছুড়ে ফেলার কথা বলায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
আমিনীর বিরুদ্ধে একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, জাতীয় সংসদের সদস্য, কিছু ব্যক্তি ও রাজনীতিক ইদানিং আদালত ও সংবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। এটা সংবিধানসম্মত নয়। এমন বক্তব্য দিলে সংসদ সদস্যদের পদে থাকা উচিত নয়।
বিএনপির মিত্র দল ইসলামী ঐক্যজোটের একাংশের প্রধান মুফতি ফজলুল হক আমিনীর জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করতে স্বরাষ্ট্র সচিবকে একটি কমিটি করতে বলা হয় আদালতের আদেশে।
এছাড়া আমিনীর নিয়ন্ত্রণাধীন মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত গাওয়া হয় কি-না, জাতীয় পতাকা ওড়ানো হয় কি-না সে বিষয়টি খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়।
দুপুরে আদালত এ বিষয়ে আদেশ দেওয়ার আগে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন আদালতে রুলের জবাব দাখিল করেন। তিনি বলেন, দণ্ডবিধির ১২৩(ক), ১২৪(ক) ও ৫০৬ ধারা অনুযায়ী আমিনীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ সময় আদালত জানতে চায়, মামলা দায়েরের পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না।
জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, "আমরা আদালতের নির্দেশনার অপেক্ষায় আছি।"
সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধান সংশোধনের পর এক অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেন, তিনি ক্ষমতায় গেলে এই সংশোধনী ছুড়ে ফেলে দেওয়া হবে।
তার একদিন পর এক আলোচনা সভায় আমিনী বলেন, এই সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, ডাস্টবিনে ফেলে দিতে হবে।
এ কারণে আমিনীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে হাইকোর্টে এই রিট আবেদন করেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর। এর শুনানিতে আমিনীকেও তলব করা হয়।
আদালতের পর্যবেক্ষণ
আমিনীর বিষয়ে আদেশে আদালতের পর্যবেক্ষণে বলা হয়, "জাতীয় সংসদের সদস্য, কিছু ব্যক্তি ও রাজনীতিক ইদানিং আদালত ও সংবিধান সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। এটা সংবিধানসম্মত নয়। এমন বক্তব্য দিলে সংসদ সদস্যদের পদে থাকা উচিত নয়।"
সংবিধানের মর্যাদা রক্ষার জন্য যে কোনো সাহসী কার্যক্রম গ্রহণ করতে আদালত কুণ্ঠিত হবে না উল্লেখ করে আদালত বলে, এ ব্যাপারে কেউ বাধা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে।
পর্যবেক্ষণে বলা হয়, "বাক স্বাধীনতার বিষয়েও প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা আছে। এমন কোনো মন্তব্য করা যাবে না, যাতে কোর্টের অবমাননা হয়। এতে সাংবিধানিক বিধি-নিষেধ রয়েছে।"
আদেশে বলা হয়, আমিনীর আইনজীবী বাদল এফিডেভিটের মাধ্যমে দুটি আইনগত বিষয়ে প্রশ্ন তুলেছেন। এর একটি হলো বাক স্বাধীনতা। অন্যটিতে বলা হয়েছে, 'এই সংবিধানকে' ডাস্টবিনে ফেলার কথা বলে আমিনী আসলে পুরো সংবিধানকে বোঝাননি, বুঝিয়েছেন পঞ্চদশ সংশোধনীকে।
আদলত বলেন, "আমরা আদালতে শাহরিয়ার কবীর ও আমিনীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছি। আমিনী তার বক্তব্যে এফিডেভিটের বক্তব্যই পুনর্ব্যক্ত করেছেন। পঞ্চদশ সংশোধনী ছুড়ে ফেলার কথা বলেছেন- এমন কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। তিনি পুরো সংবিধানকেই ডাস্টবিনে ছুড়ে ফেলতে চেয়েছেন।"
বাক স্বাধীনতাকে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে আদেশে বলা হয়, "বাক স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হতে পারে না। কিন্তু বাক স্বাধীনতার সীমাবদ্ধতা ও বিধিনিষেধ রয়েছে। এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না, যা সংবিধান ও আদালতকে হেয় করে।
"সংবিধানেও বাক স্বাধীনতা বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ না থাকলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সংবিধানের এই বিধিনিষেধ সম্পর্কে আমিনীও সচেতন। এ বিষয়টি তিনি অস্বীকার করেননি।
"আমিনীর বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। সংবিধান নিয়ে বক্তব্য দিয়ে তিনি সংবিধানকে অস্বীকার করেছেন। সংবিধান নিয়ে সমালোচনা করা ও সংবিধান ডাস্টবিনে ছুড়ে ফেলা এক বিষয় নয়।"
আদালত বলেন, শাহরিয়ার কবীর পত্রিকার প্রতিবেদন তুলে ধরে আমিনীর জঙ্গিবাদ, আলকায়েদা সংশ্লিষ্টতা ও স্বাধীনতাবিরোধী ভূমিকা ছিল কি-না, তা তদন্তের দাবি জানিয়েছেন। তার আবেদন গ্রহণ করা হয়েছে।
এর আগে ২ অগাস্ট এই রিট আবেদনের ওপর শুনানির সময় আদালত সংবিধান ছুড়ে ফেলা নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রসঙ্গে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়।
ওই ঘটনায় দুটি মামলা হয় এবং বিএনপি সমর্থক চার আইনজীবীকে পুলিশ গ্রেপ্তার করে। অবশ্য পরে তারা আদালতে ক্ষমা চেয়ে জামিন পান।
সে দিনের হট্টগোল প্রসঙ্গে আদালত বৃহস্পতিবার বলেন, "গত ২ অগাস্ট এই আদালতে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। ওই ঘটনায় তাদের (বিএনপি সমর্থক আইনজীবী) বিরুদ্ধে আদালত অবমানার মামলা হয়েছে। তারা ক্ষমা চেয়েছে, আমরা তা গ্রহণ করেছি। আমরা পিছনে যাব না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। "
আইনজীবী সমিতির সদস্যদের বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে আদেশে বলা হয়, "তাদেরকে বিচার বিভাগ থেকে আলাদা করা যাবে না। তবে সেদিন তারা প্রতিবাদের যে ভাষা দেখিয়েছে, তা আমরা প্রত্যাশা করিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২২৩৭ ঘ.
bdnews24