ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ এলাকায় বিদ্যুৎ সঙ্কটের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও উপদেষ্টাকে তীব্র ভাষায় আক্রমণ করে তাতে সংসদ সদস্যদের সমর্থনও পেয়েছেন ক্ষমতাসীন দলের তোফায়েল আহমদ।
বৃহস্পতিবার সংসদের দশম অধিবেশনের প্রথম দিনে এক সম্পূরক প্রশ্ন করতে উঠে তোফায়েল বলেন, "এই মন্ত্রণালয় মন্ত্রী চালায়, না উপদেষ্টা চালায়। কার কী ক্ষমতা আমরা জানি না। এই মন্ত্রণালয় কে চালায়, তা কেউ জানে না। উপদেষ্টাকে ফোন করলে উনি ধরেন না।"
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েলের এ বক্তব্যের সময় সরকারদলীয় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন প্রকাশ করেন।
তোফায়েল বলেন, "পুরো দেশে যখন বিদ্যুৎ সঙ্কট ছিলো, তখন ভোলায় কোনো সমস্যা ছিলো না। ভোলায় একটি ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র চালু ছিলো। হঠাৎ করে ভোলায় বিদ্যুৎ সঙ্কট শুরু হলো। বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে বন্ধ হয়ে গেলো।"
ভোলায় বিদ্যুৎ কেন্দ্র জটিলতার অবসান ঘটাতে না পারার জন্য মন্ত্রণালয়ের অদক্ষতাকে দায়ী করেন সাবেক মন্ত্রী তোফায়েল।
ভোলা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, "ভোলায় মালয়েশিয়ান একটি কোম্পানি ২১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের টেন্ডার দিয়েছিলো। তারা সর্বনিু দরদাতা ছিলো। সাত মাসে ধরে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কিনবো বিদ্যুত, তারা কিনবে গ্যাস। এই সমেঝোতা করতে পারেনি মন্ত্রণালয়।"
"মালয়েশিয়ান ওই কোম্পানি আমাকে বলেছে, এখন ডলারের দাম বেড়ে গেছে। তারা আর কাজ করতে পারেব না", বলেন তিনি।
তোফায়েল বলেন, "বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, অথচ আমাদের কোনো মাথাব্যথা নেই।
"জনগণকে জবাবদিহি করতে হয় আমাদের। ফলাফল হচ্ছে, ভোলার মানুষ অন্ধকারে নিমজ্জিত। কী কারণে এই কোম্পানিকে ফেরত দেওয়া হলো- তা আমরা জানতে চাই।"
তোফায়েলের প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক শুধু বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন এলাকা বলে কিছুটা অসুবিধা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24