নওগাঁ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদা না পেয়ে দোকান উচ্ছেদের অভিযোগে নওগাঁ পৌরসভার মেয়র নজমূল হক সনিসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- কমিশনার নাজমুল হক মন্টু এবং শহরের রনজিৎ রাঙ্গামাটিয়া এলাকার নূর ইসলাম ও তার ছেলে মো. রিপন।
নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ হাশমী বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের মধ্য দূর্গাপুর মহল¬ার মৃত রশিদ মন্ডলের ছেলে কছিম উদ্দীন রোববার নওগাঁর আমলি আদালত ১-এ মামলাটি করেন। আদালতের বিচারক শাহাদৎ হোসেন প্রামানিক মামলাটি আমলে নিয়ে মডেল থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।
কছিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দূর্গাপুর চৌরাস্তার মোড় এলাকায় নিজস্ব জমির উপর একটি ঘর নির্মাণ করে গত ৩৫ বছর ধরে মুদি দোকান করে আসছিলেন তিনি। স¤প্রতি রিপন ও তার বাবা নূর ইসলাম ওই জায়গা পৌরসভার বলে দাবি করে।
"তারা দেড় লাখ টাকা চাঁদা চায়, ওই টাকা না দিলে দোকান সরিয়ে নিতে হবে বলে হুমকি দেয়।"
টাকা না দেওয়ায় গত ৮ অগাস্ট দুপুরে পৌর মেয়রের নির্দেশে কমিশনার নাজমুল হক মন্টু ও তার লোকজন দোকান ঘরটি ভাংচুর করে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নেয় বলে দাবি করেন কছিম।
মেয়র নজমূল হক সনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর এলাকায় অবৈধ উচ্ছেদের অংশ হিসেবে কছিম উদ্দীনের দোকান ঘর ভাঙা হয়েছে। চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/পিডি/০০২৯ ঘ.
bdnews24