ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবেন বিরোধীদলীয় নেতা। সৌদি বাদশার আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা ওমরাহ পালন করবেন।"
বিরোধীদলীয় নেতার সফরসঙ্গিরা হলেন- তার ছোট ভাই শামীম এস্কান্দর ও তার স্ত্রী কানিজ ফাতেমা, দুই ছেলে সায়েফ এস্কান্দার ও ফাসবীর এস্কান্দার, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধীদলীয় নেতার সহকারি একান্ত সচিব সুরতুজ্জামান ও আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ নুরু।
প্রতিবছর খালেদা জিয়া সৌদি আরবে ওমরাহ পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদের (সা.) রওজা মোবারক জিয়ারত করেন।
প্রেস সচিব জানান, আগামী ২৭ অগাস্ট দেশের উদ্দেশ্যে রওনা হবেন বিরোধীদলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২০ ঘ.
bdnews24