২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কটূক্তি: আমিনীর বিরুদ্ধে রিটে আদেশ বৃহস্পতিবার

সংবিধান নিয়ে আপত্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এর ওপর আদেশ দেবে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান নিয়ে আপত্তিকর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে করা রিটের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার এর ওপর আদেশ দেবে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই দিন ধার্য করে। শুনানিতে আমিনীর পক্ষে ছিলেন ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল। রিট আবেদনকারীর পক্ষে অংশ নেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করা হয়। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট শুরু থেকেই সংশোধনীর বিরোধিতা করে আসছে। এক বক্তৃতায় গত ১৩ জুলাই বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতায় গেলে সংবিধানের সংশোধনী ছুড়ে ফেলার ঘোষণা দেন। এর পরদিন জোটের অন্যতম শরিক ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী লালবাগে এক আলোচনা সভায় বলেন, "সংশোধিত সংবিধান শুধু ছুড়ে ফেললে হবে না, একে ডাস্টবিনে ফেলে দিতে হবে।" আমিনীর ওই কটূক্তির পরিপ্রেক্ষিতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির একটি রিট দায়ের করেন। ওই রিটের পর ২০ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ আমিনীকে তলব করে। ' আমিনীর একাত্তরের ভূমিকাও তদন্ত প্রয়োজন' বুধবার শুনানিতে আমিনীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবী। তবে আদালত তা নাকচ করে আমিনীকে আদেশের সময় আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়। শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, মুফতি আমিনীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১২৩, ১২৪(ক), (খ) এবং ৫০৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এখন তিনি অব্যাহতির আবেদন চেয়েছেন। তিনি জামিন না নিয়ে এটা চাইতে পারেন না। এরপর শাহরিয়ার কবীর বলেন, আজ ১৭ অগাস্ট। ২০০৫ সালের এই দিনে সারা দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩টি জেলায় একযোগে বোমা বিস্ফোরণ ঘটে। সেই সময় এই বোমা বিস্ফোরণের দায় জেএমবি (জামা'আতুল মুজাহিদিন অব বাংলাদেশ) স্বীকার করে। কিন্তু পত্র-পত্রিকায় প্রকাশিত অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, সেই সময়কার চারদলীয় জোট সরকারের সহযোগী ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীও এজন্য দায়ী ছিলো। তিনি বলেন, দেশের জাতির বৃহত্তর স্বার্থে এ বিষয়টির পাশাপাশি আমিনীর একাত্তরের ভূমিকাও তদন্ত হওয়া প্রয়োজন। "মত প্রকাশের স্বাধীনতা বলতে কী বুঝায়, তার একটা সীমা থাকা উচিত। রাজনৈতিক বক্তব্য বলতে কী বুঝি তার একটা সীমা থাকা উচিত।" সংবিধান 'ডাস্টবিনে ছুড়ে ফেলার' বক্তব্যটি 'রাজনৈতিক' বলে পরবর্তী সময়ে দাবি করেছিলেন আমিনী। ' তিনি স্বঘোষিত নাস্তিক' বুধবার আমিনী বলেন, আমার সম্পর্কে শাহরিয়ার কবীর যা যা বলেছেন, তার সবই মিথ্যা। তিনি স্বঘোষিত একজন নাস্তিক। এ সময় আদালত কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলে আমিনীকে। এরপর আমিনী বলেন, আমি আদালতকে এবং সংবিধানকে অবমাননা করিনি। এই সংশোধনীতে সংবিধান থেকে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। পঞ্চদশ সংশোধনীর সমালোচনার করেছি। আমি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী নই। আমি গণতন্ত্রী, ইসলামী রাজনীতি করি। পরে শাহরিয়ার কবীর বলেন, আমিনী আমাকে স্বঘোষিত নাস্তিক বলেছেন। তিনি বলতে পারতেন যে শাহরিয়ার কবীরকে আমি নাস্তিক মনে করি। কিন্তু তিনি কোন্ দলিলে, কোথায় পেয়েছেন আমি স্বঘোষিত নাস্তিক। এই আদালতে এটা প্রমাণ করতে হবে। 'সরকারের নিজস্ব ক্ষমতা আছে'

আমিনীর আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, আদালত বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- এর কারণ জানতে চেয়ে রুল জারি করেছে। এই রুল বিচারাধীন থাকা অবস্থায় মামলাও হয়েছে। অথচ এই রিটে যদি রুল শুনানির পর আদালত সন্তুষ্টও না হতেন তাহলে আমিনীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিতেন। কিন্তু রুল বিচারাধীন থাকাবস্থায় মামলা দায়ের হয়ে গেছে। তাহলে রিটের আর দরকার কী?

এ সময় আদালত বলে, এখানে দুটো জিনিস। একটি আমাদের সিদ্ধান্ত আর অন্যটি সরকারের নিজের সিদ্ধান্ত। সরকারের নিজস্ব ক্ষমতা আছে।

এ সময় ব্যারিস্টার বাদল বলেন, এক্ষেত্রে মামলার সূত্রপাত দেখতে হবে। পত্রিকায় এসেছে অনেক আগে। তারপর রুল জারি হয়েছে। তার অনেক পরে এসে মামলা দায়ের হয়েছে। রুল নিষ্পত্তির সময় এখান থেকে কোনো নির্দেশনা দিলে নি