২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢালীকে ব্যাংককে পাঠানোর উদ্যোগ শিল্পীদের

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ব্যাংককে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 03:51 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত চিত্রশিল্পী ঢালী আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ব্যাংককে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন তার এক ঘনিষ্ঠ বন্ধু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ঢালীর বন্ধু ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত হওয়ায় ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। "সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালে আমরা তাকে ব্যাংকক নিয়ে যাবো।" এদিকে বুধবার দুপুরে স্কয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ঢালীর ভাঙা বাহুতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের সদস্যরা রাজি থাকলে আমরা তার বাহুতে অস্ত্রোপচার করতে প্রস্তুত।" এ চিত্রশিল্পীর অবস্থার উন্নতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে ওয়াকিলুর রহমান জানান, যেহেতু ঢালীকে ব্যাংককে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে, সেহেতু এখানে আর কোনো অস্ত্রোপচার করানো হবে না। উন্নত চিকিৎসার জন্য এই শিল্পীকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না জানতে চাইলে অধ্যাপক রহমান বলেন, "আমাদের মতে কোনো প্রয়োজন নেই। দেশেই তার ভালো চিকিৎসা সম্ভব। তবে এটা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।" ঢালীর পরিবারের সদস্য ও বন্ধু-সহকর্মীরা তাকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। শনিবার মানিকগঞ্জে ওই দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশফাক মিশুক মুনীরসহ পাঁচ জন প্রাণ হারান। তারেকের স্ত্রী ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও তার স্ত্রী চিত্রশিল্পী দিলারা বেগম জলিসহ চারজন আহত হন। দুর্ঘটনায় ঢালী আল মামুনের নিচের চোয়ালের হাড়ে চিড় ধরে এবং কয়েকটি দাঁত স্থানচ্যুত হয়। এছাড়া তার পাঁজরের আটটি হাড়েও চিড় ধরে। সোমবার তার চোয়াল ও মাড়িতে অস্ত্রোপচার করা হয়। এদিকে ঢালীর উন্নত চিকিৎসার জন্য সহায়তা চেয়ে শিল্পী সমাজের পক্ষ থেকে একটি ব্লগে (http://unheardvoice.net/blog/2011/08/16/dhali-al-mamoon) আবেদন করেছেন চিত্রশিল্পী লালা রুখ সেলিম। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় ০১২৯১১১০০০০৪০৯৫ হিসাব নম্বরে যে কেউ অর্থ সহায়তা পাঠাতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/২১৪২ ঘ.