২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাবএইড ও ইবনে সিনার শীর্ষ কর্মকর্তাদের তলব

চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় রাজধানীর দুই বেসরকারি হাসপাতাল ল্যাবএইড ও ইবনে সিনার শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসায় অবহেলার অভিযোগ ব্যাখ্যায় রাজধানীর দুই বেসরকারি হাসপাতাল ল্যাবএইড ও ইবনে সিনার শীর্ষ কর্মকর্তাদের তলব করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ সংশ্লিষ্ট দুটি হাসপাতালের কর্মকর্তাদের ২৩ আগস্ট আদালতে হাজির হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশ দেন। তলব করা কর্মকর্তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তির চিকিৎসায় অবহেলার অভিযোগে ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, পরিচালনা পরিষদের সব সদস্য, ওই চিকিৎসার দায়িত্বে থাকা দুই চিকিৎসক রয়েছেন। এ ছাড়া এক শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে ইবনে সিনা হাসপাতালের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যানসহ বোর্ডের সব সদস্য, দুই চিকিৎসক সাইদা সুলতানা ও আনোয়ারুল আবেদিনকে তলব করা হয়েছে। ল্যাবএইডের প্রতি রুল মৃদুল কান্তির চিকিৎসায় অবহেলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না- এর কারণ জানতে চেয়েছে আদালত। পাশাপাশি চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক হলে হাসপাতালটির কার্যক্রম বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও সাধারণ সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক, হাসপাতালটির চেয়ারম্যানসহ আট জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। ইবনে সিনার প্রতি রুল চিকিৎসায় অবহেলার অভিযোগে ইবনে সিনার কর্মকর্তা ও কয়েক চিকিৎসককে তলবের পাশপাশি তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১২ দিনের মধ্যে ধানমণ্ডি থানার ওসিকে ব্যাখ্যা করতে বলেছে আদালত। এ বিষয়ে ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ অগাস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীতে প্রচারিত একটি প্রতিবেদনে বলা হয়, চিকিৎসায় অবহেলার কারণে ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিবেদনটি আদালতের নজরে এলে এই বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল দেয়। কমিটি গঠনের নির্দেশ এদিকে, একই বেঞ্চ বেসরকারি হাসপাতালগুলোতে দ্রুত ও মান সম্পন্ন চিকিৎসা নিশ্চিতে ১৪ দিনের মধ্যে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ওই কমিটি এ বিষয়ে একটি নির্দেশনা তৈরি করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি, সরকারি হাসপাতালের চিকিৎসক, মেডিক্যাল কলেজের অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের এ কমিটিতে রাখতে বলা হয়েছে। অপর নির্দেশনায় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালককে দ্রুত ও মান সম্পন্ন চিকিৎসা নিশ্চিতে ঢাকার বেসরকারি হাসাপাতালগুলো পরিদর্শনের ব্যবস্থা করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২০১৯ ঘ.

এ সম্পর্কিত আরো খবর