২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতির নির্দেশনায় বিশ্ব ব্যাংক এডিবির সমন্বয় নেই'

দুর্নীতি বিষয়ক নির্দেশনা নিয়ে পদ্মা সেতুর দুই ঋণদাতা সংস্থা সমন্বয়হীনতায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বিষয়ক নির্দেশনা নিয়ে পদ্মা সেতুর দুই ঋণদাতা সংস্থা সমন্বয়হীনতায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, "পদ্মা সেতুর কাজ নিয়ে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে জটিলতা আছে। তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।" এ দুই সংস্থার মধ্যে কী ধরনের সম্বনয়হীনতা রয়েছে জানতে চাওয়া হলে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দর ডাকার কাগজপত্রে দুর্নীতির গাইডলাইন কী হবে তা নিয়ে দুটি সংস্থা দুটি গাইডলাইন দিয়েছে।" "আমাদের দুটোই মানতে আপত্তি নেই। কিন্তু বিশ্বব্যাংক বলছে তাদেরটা সার্বিকভাবে তৈরি করা হয়েছে। আবার এডিবি বলছে, বিশ্ব ব্যাংকের পাশাপাশি তাদের গাইডলাইনও রাখা হোক।" এক সপ্তাহের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সচিব। গত ২৭ এপ্রিল চুক্তি স্বাক্ষরের সময় স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবং দুর্নীতিমুক্তভাবে পদ্মা সেতুর কাজ করার তাগিদ দেয় বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এটা বড় কিছু না। আমি আশা করছি এটা ঠিক হয়ে যাবে।" পদ্মা সেতুর কাজ শুরু বিষয়ে এক প্রশ্নের জবাবে মুহিত বলেন, "আমরা কাজ শুরু করতে পারবো। কিন্তু শেষ করতে পারবো কি না সন্দেহ আছে।" পদ্মা সেতুর কাজে কোনো দুর্নীতি হবে না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি মার্কিন ডলার। সরকার ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ১২০ কোটি, এডিবির সঙ্গে ৬১ কোটি, জাইকার সঙ্গে ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১৪টি ডলারের ঋণ চুক্তিতে সই করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪১ ঘ.