ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ব্যর্থতায় রাষ্ট্রের সবকিছু ভেঙে পড়েছে অভিযোগ করে বিএনপি বলেছে, দেশে এরকম দুঃসময় অতীতে কখনো আসেনি।
বুধবার রাজধানীতে ছাত্রদল আয়োজিত এক ইফতার ও আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার কারণে রাষ্ট্রযন্ত্রের সবকিছু আজ ভেঙে পড়ছে। দেশে এরকম দুঃসময় অতীতে কখনোই আসেনি। আমরা ধ্বংসের মুখোমুখি হয়েছি।"
এ থেকে উত্তরণে সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।
দেশের বর্তমান অবস্থাকে সঙ্কটজনক অভিহিত করে ফখরুল বলেন, "এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে ছাত্রদলকে অতীতের মতো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।"
ইস্কাটনের লেডিস ক্লাবে আয়োজিত আলোচনা ও ইফতারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ছাত্র বিষয়ক সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।
ইফতারে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, জমিরউদ্দিন সরকার, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবদিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, অধ্যাপক সদরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, আবুল খায়ের ভূঁইয়া, শিরিন সুলতানা, হাবিব উন নবী খান, শরফত আলী সপু, শফিউল বারী বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৯৩৭ ঘ.
bdnews24