মৌলভীবাজার, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শমসের নগরে ট্রেনে ঝাঁপ দিয়ে রুমা বেগমের আত্মহত্যার ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
বুধবার রুমা ও তার ছেলে রায়হানের ময়না তদন্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক মকবুল হোসেন ভূঁইয়া। রুমার বোন রোকেয়া বেগমের সঙ্গেও কথা বলেন তিনি।
কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেল স্টেশন এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তান রায়হানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন রুমা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ও দুই বছর বয়সি ছেলের।
মৌলভীবাজারের পুলিশ সুপার হারুণ অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডিআইজির আসার খবর পেয়ে রুমার বোন সেখানে আসেন।
"তিনি বলেছেন, রুমাকে তার স্বামী প্রায়ই মারপিট করতো। এ থেকে মুক্তি পেতেই হয়তো সে এ পথ বেছে নেয় সে। ঘটনার জন্য রুমার স্বামী লেচু মিয়াকে দায়ী করে মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি", বলেন পুলিশ সুপার।
রোকেয়ার কথা শুনে ডিআইজি মকবুল হোসেন বলেন, মামলা হলে পুলিশ তা নেবে।
এ ঘটনায় রেলওয়ে থানায় ইতোমধ্যে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
কমলগঞ্জের রামেশ্বরপুর গ্রামের লেচু মিয়ার অবশ্য দাবি করেছেন, তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24