বরিশাল, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হলেও উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ছয় বছর আগে সিরিজ বোমা হামলার ঘটনায় বরিশালের আদালতে থাকা মামলাগুলোর সাত আসামি।
২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি।
ওই দিন বরিশাল নগরীর ১৪টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটে। মামলা হয় ১২টি। এসব মামলার তিনটিতে সাত জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলো বরিশাল বিভাগীয় দ্রুতবিচার আদালত।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে জিয়াউর রহমান জিয়া ও জাহিদ বাবুকে তিনটি মামলায়, সরোয়ার হোসেন ও মো. রহিমকে দুটি মামলায় এবং জালাল আরেফিন, আবু ইউসুফ মজুমদার, গিয়াস হাওলাদার ও আব্দুস সোবাহানকে একটি করে মামলায় সাজা দেওয়া হয়।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষী মো. সাগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগারে সিরিজ বোমা হামলার ঘটনায় দণ্ডিত কোনো আসামি নেই। সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
বিভাগীয় দ্রুতবিচার ট্রাইবুনালের তৎকালীন পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী মুনিরুল হাসান বলেন, ১২টি মামলার মধ্যে তিন মামলায় সাত জঙ্গির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সাজা হয়।
"তারা উচ্চ আদালত থেকে জামিনে বের হয়েছে। সেখানে তো আমাদের বলার কিছু নেই", বলেন তিনি।
তবে র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল ইসলাম খান বলেন, যারা জামিনে মুক্ত রয়েছেন তাদের ওপর আলাদা নজরদারি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24