২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'দলের ইফতার, রূপগঞ্জে ১৪৪ ধারা

সরকার সমর্থিত ছাত্রলীগ ও বিরোধী দল সমর্থিত যুবদল একই স্থানে ইফতার পার্টির আয়োজন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থিত ছাত্রলীগ ও বিরোধী দল সমর্থিত যুবদল একই স্থানে ইফতার পার্টির আয়োজন করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার স্থানীয় যুবদল ও ছাত্রলীগ ইফতার পার্টির ঘোষণা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্কুল মাঠ ও আশপাশে বুধবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফরহানা কাউনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তবে ছাত্রলীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টির আয়োজন করা হয়নি বলে দাবি করেন উপজেলা শাখার সভাপতি তাবিবুর কাদির তমাল। এদিকে ১৪৪ ধারা জারি করায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রূপসী এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি করেছে যুবদল রূপগঞ্জ উপজেলা শাখা। তারা জানান, যুবদল নেতা নজরুল ইসলাম হত্যার প্রতিবাদ সভা ও ইফতার পার্টির জন্য তিন দিন আগেই উপজেলা প্রশাসনকে জানিয়ে স্কুল মাঠে কর্মসূচি ঘোষণা করা হয়। যুবদলের জেলা সভাপতি অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, জেলা যবুদলের সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮১০ ঘ.