২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর কর ফাঁকি মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি অষ্টমবারের মতো পিছিয়েছে। সাঈদীর আবেদনে বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন আগামী ২৫ অগাস্ট শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। সাঈদীর আইনজীবী শাহজাহান আহমেদ শুনানি বলেন, এই মামলা দায়েরের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। শুনানির জন্য তা কার্যতালিকায় লিপিবদ্ধও করা হয়েছে। তাই এই আবেদন নিস্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের শুনানি মুলতবি রাখা হোক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল আবেদনের বিরোধিতা করেন। বুধবার শুনানির ধার্য দিনে সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন। মামলায় বলা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৬১১ ঘ.