২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মৃদুলের মৃত্যু তদন্তের দাবিতে বিক্ষোভ

ভুল চিকিৎসা ও অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মৃদুল কান্তি চক্রবর্তীর মৃত্যু হয়েছে অভিযোগ করে তার তদন্ত দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 09:42 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুল চিকিৎসা ও অবহেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মৃদুল কান্তি চক্রবর্তীর মৃত্যু হয়েছে অভিযোগ করে তার তদন্ত দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সঙ্গীত বিভাগ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা যোগ দেয়। সঙ্গীত বিভাগের শিক্ষক ও গবেষক মৃদুল ৫৭ বছর বয়সে গত সোমবার ল্যাব এইড হাসপাতালে মারা যান। পানিশূন্যতার জন্য তার মৃত্যু হয়েছে বলে জানানো হলেও শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাই এ মৃত্যুর কারণ। বিক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা যেসব দাবি তুলেছে, তার মধ্যে রয়েছে- অবহেলার ঘটনার জন্য ল্যাবএইড হাসপাতালের দায়ী ডাক্তারদের নাম প্রকাশ, হাসপাতাল থেকে তাদের বহিষ্কারসহ শাস্তি দেওয়া, ঘটনার দায় স্বীকার করে গণমাধ্যমে কর্তৃপক্ষের বিবৃতি এবং অধ্যাপক মৃদুল কান্তির পরিবারকে কমপক্ষে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান। এ সব দাবি পূরণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সমাবেশে বলা হয়, দাবি বাস্তবায়ন না হলে ল্যাবএইড হাসপাতাল ঘেরাও কর্মসূচি এবং অবস্থান ধর্মঘট পালন করা হবে। সমাবেশে সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিল্পী লীনা তাপসী খান বলেন, "মাত্র এক হাজার টাকা দিতে না পারায় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে দ্রুত ভর্তি করায়নি ল্যাবএইড হাসপাতাল। পরে ওই টাকা দেওয়ার পর ভর্তি করানো হয়।" "রোগীদের অপ্রয়োজনীয় লাইফসাপোর্ট দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। ল্যাবএইডের মতো হাসপাতালগুলো চিকিৎসা সেবা নয়, তার বদলে পাঁচতারকা হোটেলের ব্যবসা করতে চাইছে", বলেন তিনি। ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, "ক্ষতিপূরণের টাকা মৃদুলকে ফিরিয়ে আনবে না, এর মাধ্যমে তার অসহায় পরিবারের কিছুটা সহায়তা হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার শাস্তি হবে।" সংহতি সমাবেশে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহীদুজ্জামান, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক গোলাম রব্বানী, সঙ্গীত বিভাগের শিক্ষক ও শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা, কুহেলী ইসলাম, শাহনাজ নাসরীন ইলা, সুদীপ্ত চক্রবর্তী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ। সংহতি সমাবেশ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪০ ঘ.