ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় জঙ্গিদের একযোগে বোমা হামলায় প্রকম্পিত হয়ে উঠেছিলো পুরো দেশ।
মুন্সীগঞ্জ বাদে দেশের সবকটি জেলার ৬৩৪টি স্থানে একযোগে বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিলো জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামের জঙ্গি সংগঠনটি, যে রকম ঘটনা দেশবাসী আগে কখনোই দেখেনি।
তৎকালীন চার দলীয় জোট সরকার জেএমবিকে 'মিডিয়ার কল্পনা' বলে দাবি করে আসার পর এ ঘটনার মাধ্যমে জাজ্বল্যমান সত্যে পরিণত হয়েছিল তা। পরে অবশ্য নানা ঘটনার মধ্য দিয়ে জেএমবির অস্তিত্ব প্রকাশ্য হয়।
সিরিজ বোমার ঘটনায় ১৪২টি মামলা হলেও ছয় বছরে রায় হয়েছে ৭৮টির, ৬৩টি মামলা বিচারাধীন এবং তদন্তাধীন রয়েছে ১টি মামলা।
এসব মামলায় ২৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৯২ জনের। ৭৭ জন পেয়েছেন বিভিন্ন মেয়াদে সাজা।
জেএমবির মূল নেতা শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইসহ ছয় জনকে ২০০৭ সালের ২৯ মার্চ ফাঁসিতে ঝোলানো হয়। তবে তাদের এ সাজা কার্যকর হয়েছে ঝালকাঠীর বিচারক হত্যার দায়ে।
২০০৫ সালের ১৭ অগাস্টের পর জেএমবি আরো যে কয়টি বোমাহামলা চালিয়েছিলো তার মধ্যে ওই বছরের ১৪ নভেম্বর ঝালকাঠীর আদালতের ঘটনা ছিলো বেশি আলোড়িত। সে হামলায় নিহত হন বিচারক সোহেল আহমেদ চৌধুরী ও জগন্নাথ পাঁড়ে।
১৭ আগস্ট যা ঘটেছিলো
সারাদেশের ৬৩টি জেলায় (মোট জেলা ৬৪) একের পর বোমা বিস্ফোরণে স্তম্ভিত হয়ে যায় দেশ। সকালে ৬৩৪ টি স্থানে একযোগে খুব অল্প সময়ের ব্যবধানে বোমা ফাটানো হয়। সন্ত্রাসের ব্যাপকতার তুলনায় তেমন হতাহত না হলেও ঘটনার আকস্মিকতা এবং পরিচালনাকারীদের সংগঠন দক্ষতার কথা ভেবে সচকিত হয়ে ওঠে দেশবাসী।
বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেক জায়গায় জঙ্গিদের প্রচারণামূলক লিফলেট ছড়ানো হয়। এতে বলা হয়, প্রচলিত সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বদলে 'আল্লাহর আইন' চালু করাই তাদের লক্ষ্য।
২০০৫ এর ১৭ আগস্ট দিনটি ছিলো বুধবার। সকাল ১০টার একটু আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভায় ডেকেছিলেন পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের।
সভার মধ্যেই পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আব্দুল কাইয়ুমের মোবাইল ফোনে রাজধানীর অদূরে নারায়ণগঞ্জে প্রথম বোমা বিস্ফোরণের খবর আসে। এর কিছুক্ষণ পরেই আরো বিস্ফোরণের খবর আসতে থাকায় কর্মকর্তাদের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। সভা বাদ দিয়ে তারা যে যার দপ্তরে ছুটে যান।
খোদ রাজধানীর হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব ও হোটেল শেরাটনসহ ৩৩টি গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটে। আতঙ্কিত মানুষ ছুটে যায় নিরাপদ আশ্রয়ের খোঁজে।
সবগুলো বোমা বিস্ফোরণস্থলেই পাওয়া যায় একই আলামত। স্কচটেপ, ধানের তুষ, বৈদ্যুতিক সুইচ, ঘড়ির অংশ বিশেষ আর লিফলেট। লিফলেটে লেখা ছিল "মানুষের তৈরি তাগুতি আইন মানি না। প্রচলিত বিচার ব্যবস্থা বন্ধ কর। ইসলামী হুকুমত কায়েম কর।"
বিএনপি-জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার জঙ্গিবাদের বিষয়টি উপেক্ষা করে এলেও ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার দু'মাস পর হরকাতুল জিহাদ বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর ২৩ ফেব্র"য়ারি '০৬-এ নিষিদ্ধ ঘোষণা করা হয় জেএমবি এবং জাগ্রত মুসলিম জনতা বা জেএমজেবিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২০ ঘ.
bdnews24