ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে টেনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রশ্ন তুলে বলেছেন, তাহলে জনগণ আস্থা রাখবে কী করে?
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস থাকতে হবে। নিজেদের কর্মসূচির প্রতি আস্থা না থাকলে কী করে আমরা এগুবো? আমাদের প্রতি জনগণের আস্থা কীভাবে থাকবে? আমাদের কি বিবেক বুদ্ধি নেই? মানুষকে বোঝানোর শক্তি নেই?"
"কোন্ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কী করলো, কোন এমপি জায়গা দখল করলো- এই অভিযোগ দিনের পর দিন উঠতে থাকলে জনগণ আস্থা রাখবে কী করে?"
১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল।
বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়- এই কথাটি বলে একটু থামেন তিনি। এরপর বলেন, "আমি কাউকে অভিযোগ করছি না। সে হত্যার ক্ষেত্র তৈরি করা হয়েছিলো।"
"এখন শুনতে পাই- শেখ হাসিনাকে আঘাত করা হবে, যে কোনো সময়ে। আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে আমরা সে সুযোগ করে দেব। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
বর্তমান সরকারের সমালোচনা করে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আশরাফ বলেন, "বিলেতে পত্রিকাগুলো এখন পয়সার বিনিময়ে সংবাদ পরিবেশন করে। এখন সেখানকার পত্রিকার দুষ্কর্মের বিষয় নিয়ে সেখানে সংসদে আলোচনা হচ্ছে- এটা কীভাবে বন্ধ করা যায়।"
আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের (এম.এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24