ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও ছাত্র নির্যাতনের ঘটনায় আত্মপক্ষ সমর্থনে সংসদীয় কমিটির সঙ্গে টেলিকনফারেন্সে বসার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদ।
টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দিলে তা গ্রহণ করা হবে- শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই ঘোষণার এক মাসের মাথায় এ আগ্রহ প্রকাশ করলেন তিনি।
মইন এ বিষয়ে কমিটির সভাপতি রাশেদ খান মেননকে ডাকযোগে একটি চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন মেননের একান্ত সচিব নাঈমুল আজম খান।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "টেলিকনফারেন্সের আগ্রহ দেখিয়ে সাবেক সেনা প্রধানের পাঠানো চিঠি এ মাসের শুরুতে পৌঁছেছে। তবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টার (ফখরুদ্দীন আহমদ) কোনো সাড়া পাইনি।"
চিঠিতে মইন বলেছেন, "ইমেইলে বা টেলিকনফারেন্সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেওয়ার বিষয়টি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। এই সুযোগ নিয়ে আমি আমার মতামত তুলে ধরতে চাই।"
সাবেক সেনা প্রধানের এই চিঠি স্থায়ী কমিটির ২৩ অগাস্টের বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে জানান এ কর্মকর্তা।
রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, চিঠিটি কয়েক দিন আগেই এসেছে। তবে পারিবারিক সফরে দেশের বাইরে থাকায় তিনি সেটি দেখতে পারেননি। চিঠিটি পড়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ এর অগাস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে
সেনা সদস্য ও ছাত্রদের সংঘর্ষের পর সারাদেশে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষকসহ অনেক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। শত শত শিক্ষার্থী সেদিন সেনা সদস্যদের নির্যাতনের শিকার হন।
ঢাবির ওই ঘটনা খতিয়ে দেখতে গত বছর ১৯ আগস্টে রাশেদ খান মেননকে আহ্বায়ক করে ৪ সদস্যের এই উপ-কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সংঘর্ষের ঘটনা তদন্তে উপ কমিটির সদস্যরা সাবেক উপচার্য, সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র্যাব সদস্য, নির্যাতিত ছাত্র ও শিক্ষকসহ অনেকের বক্তব্য শোনেন। তবে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আহমেদ কমিটির ডাকে হাজির হননি।
যুক্তরাষ্ট্র থেকে ইমেইল পাঠিয়ে তারা দুজনই ওই ঘটনার দায় অস্বীকার করেছেন।
সংসদীয় উপকমিটি গত ৫ জুন জানায়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের ছাত্র সংঘাতের বিষয়ে বক্তব্য না দিলে ফখরুদ্দীন ও মইনকে দায়ী করেই প্রতিবেদন দেওয়া হবে।
তবে ৫ জুলাই কমিটির অষ্টম বৈঠক শেষে উপ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জানান, ফখরুদ্দীন-মইনকে আত্মপক্ষ সমর্থনের জন্য আবারো সুযোগ দেওয়া হবে।
মেনন বলেন, "কমিটির কাছে এ পর্যন্ত দেওয়া সংশ্লিষ্টদের বক্তব্যে এ দুই জনকে দায়ী করা হয়েছে। এই অভিযোগ খণ্ডাতে ইমেইল বা টেলিকনফারেন্সের মাধ্যমে মইন ও ফখরুদ্দীন সাহেব মতামত তুলে ধরতে পারেন। উপ কমিটি এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা আয়োজন করে দেবে।"
জাতীয় সংসদের দশম অধিবেশনে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে সংসদীয় কমিটির। ১৮ অগাস্ট এ অধিবেশন শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/২১৫৫ ঘ.
bdnews24