২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যৌনকর্মী খুনের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে যৌনকর্মীকে হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে যৌনকর্মীকে হত্যার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলেন- মো. মামুনুর রশিদ (১৯), মো. জাকির হোসেন (২০), আব্দুল করিম (২০) ও মোছাদ্দেক আনোয়ার (৩২)। তারা বন্দর থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাছান চৌধুরী সাংবাদিকদের জানান, পুলিশ সোমবার নগরীর কে ই পি জেড এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মুক্তার ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে নগরীর কলসি দিঘীর পাড় ও ধুমপাড়া থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়। জাকিরের কাছ থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা। গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হাছান। ১৪ এপ্রিল পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পরে মুক্তার পরিচয় উদঘাটন করে পুলিশ। মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের জানান, মামুন, জাকির ও আব্দুল করিম পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে যৌনকর্মী সোহাগি আখতার মুক্তাকে তিনশ' টাকায় ভাড়া করে। মুক্তা ৩০০ টাকা অগ্রিম দাবি করলে তারা টাকা দিতে অপারগতা জানালে মুক্তা চিৎকার দিতে থাকে। এ সময় জাকিরের কাছে থাকা ছোরা দিয়ে মুক্তাকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়। আসামিদের আশ্রয় দেয়ার অপরাধে মোসাদ্দেক আনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/এএল/২১৪১ ঘ.