২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে স্বর্ণ ছিনতাই: ৩ পুলিশসহ ৪ জন রিমান্ডে

সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের মামলায় তিন পুলিশ কনস্টেবল ও তাদের এক সহযোগীকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

সিরাজগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের মামলায় তিন পুলিশ কনস্টেবল ও তাদের এক সহযোগীকে তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সিরাজগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বিচারক নাজমুল হক মঙ্গলবার রিমান্ডের এ আদেশ দেন। কনস্টেবলরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার কানাইহাটা গ্রামের ওয়াসিম হোসেন ওরফে ওয়াসিম বাবু, বগুড়া সদরের শাখারিয়া করিমপাড়া গ্রামের শাহনেওয়াজ ওরফে সুমন ও রংপুরের কাউনিয়া উপজেলার শাহবাজপুর গ্রামের রাজু আহম্মেদ। অন্য জন হলেন বগুড়া সদরের শাখাবাড়িয়া গ্রামের আতাউর রহমান। পুলিশ কনস্টেবলরা সবাই সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে তথ্য সংগ্রহে জিজ্ঞাসাবাদের জন্য জেলহাজতে থাকা তিন পুলিশ ও তাদের এক সহযোগীর সাত দিন হেফাজতের (রিমাণ্ড) আবেদন করা হয়। গত ২৪ জুন ভোর ৫টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি বাস রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলায় (খাবার হোটেল) যাত্রা বিরতি করে। এ সময় পুলিশের চার কনস্টেবল ও তাদের দুই সহযোগী বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলীকে জোর করে বাস থেকে নামিয়ে সিএনজিতে তুলে নিয়ে তার ২২১ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে তাকে শেরপুর এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় ব্যবসায়ী রায়হান আলী ১২ আগস্ট রায়গঞ্জ থানায় ছিনতাই মামলা করেন। ওই দিন রাতে ৪ পুলিশ ও তাদের দুই সহযোগীকে গ্রেপ্তার করে পরদিন বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৯২৫ ঘ.