মৌলভীবাজার, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
আটককৃত দেড়শ' বান্ডিল থ্রিপিস ও শাড়ীর আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। প্রতিটি বাণ্ডিলে ১০ থেকে ২৫ পিস পর্যন্ত শাড়ি ও থ্রিপিস রয়েছে।
কমলগঞ্জ উপজেলার ছয়কুট গ্রামে সোমবার রাত সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের স্বনামধন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ভারত থেকে চোরাপথে বিপুল পরিমান থ্রিপিস ও শাড়ি আনা হয়। অবৈধভাবে আনা কাপড়গুলো স্থানীয় ফাতেমা ফুড ইন্ডাস্ট্রির গুদামে মজুদ করে রাখা হয়। কাপড় আটকের সময় পুলিশ সেখানে কাউকে পায়নি।
তিনি আরো বলেন, "আটক কাপড়ের বাণ্ডিলগুলোর গায়ে লেখা রয়েছে 'এমবি ক্লথ স্টোর'। তবে আদৌ কাপড়গুলো এ প্রতিষ্ঠানের কি না তা খতিয়ে দেখা হচ্ছে।"
এ অভিযানে নেতৃত্বে দেন মৌলভীবাজার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, এএসপি আলমগীর হোসেন ও সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮৩০ ঘ.
bdnews24