২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিগগিরই মাল্টিমিডিয়া ক্লাস চালু হবে'

২০ হাজার পাঁচশ বিদ্যালয়ে শিগগিরই মাল্টিমিডিয়া ক্লাস চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য তিনি সব শিক্ষককে কম্পিউটারের ব্যবহার শেখার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 12:05 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০ হাজার পাঁচশ বিদ্যালয়ে শিগগিরই মাল্টিমিডিয়া ক্লাস চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য তিনি সব শিক্ষককে কম্পিউটারের ব্যবহার শেখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার শিক্ষা ভবন মিলনায়তনে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে কম্পিউটার বিতরণকালে তিনি এ কথা বলেন। সরকারি বিদ্যালয় নেই এমন ৩০৬টি উপজেলা সদরে নির্বাচিত একটি করে বেসরকারি বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় মঙ্গলবার একশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একটি করে কম্পিউটার দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, "শহর ও গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা-বৈষম্য দূর করতে হবে। তবে তা রাতারাতি সম্ভব হবে না। এজন্য পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যেতে হবে।" মন্ত্রী জানান, প্রতি বিদ্যালয়ে ৪০ শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক রাখার চেষ্টা করা হচ্ছে। এটা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত উন্নয়ন সম্ভব হবে। ৩০৬ উপজেলায় একটি করে মডেল স্কুল প্রতিষ্ঠার লক্ষে প্রতিটি স্কুলকে ১০টি করে কম্পিউটার, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান গবেষণাগার, ছাত্রছাত্রীদের পৃথক কমন রুম এবং শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। নাহিদ বলেন, ২০১৩ সালের মধ্যে দেশের সব উপজেলায় মডেল স্কুল রূপান্তরের প্রকল্প শেষ হবে। অন্য শিক্ষা প্রতিষ্ঠানেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশীদ জানান, যেসব বিদ্যালয়ে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি সেসব বিদ্যালয়েও সোলার প্যানেলের মাধ্যমে কম্পিউটার সুবিধা পৌঁছে দেওয়া হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছিলেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরী, মাউশির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. সিরাজুল হক, প্রকল্প পরিচালক কেএএম রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮০৩ ঘ.