ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী আরো পাঁচটি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
দলীয় কোটা অনুযায়ী নবম সংসদে সংরক্ষিত ৪৫টি মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ ৩৬টি, বিএনপি ৫টি ও জাতীয় পার্টি ৪টি আসন রয়েছে। তবে পঞ্চদশ সংশোধনীতে সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
মঙ্গলবার সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (আইন শাখা) নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ আগস্ট সংরক্ষিত মহিলা আসনের বাকিগুলোর নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসি সচিবালয় বরাবর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বলেন, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে রাজনৈতিক দল ও জোটের মধ্যে সংরক্ষিত মহিলা আসন বণ্টন করা হবে।
"করণীয় নির্ধারণের জন্য ইসির আগামী বৈঠকে বিষয়টি উত্থাপন করা হবে। ইসি তফসিল ঘোষণার পর সংরক্ষিত মহিলা আসন আইন, ২০০৪ অনুযায়ী এ নির্বাচন হবে।"
আসন বাড়ানোর কারণে ২০০৪ সালের আইনে কোনো ধরনের পরিবর্তন দরকার রয়েছে কি না- তাও বৈঠকে আলোচনা হবে বলে জানান ইসির এই আইন কর্মকর্তা।
তিনশ' সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত করেন। তবে দলগুলো কোটা অনুযায়ী প্রার্থী দেওয়ায় শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৭১১ ঘ.
bdnews24