২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ আইনজীবীর জামিন

হাইকোর্টে হট্টগোলের ঘটনার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি সমর্থক ১৩ আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে হট্টগোলের ঘটনার দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি সমর্থক ১৩ আইনজীবী। তাদের মধ্যে তিন জন শাহবাগ থানার গাড়ি পোড়ানোর আলাদা একটি মামলায়ও জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে মহানগর হাকিম শাহাদাত হোসেন ১৩ আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য হেয়াজতে নেওয়ার আবেদন বাতিল করে তাদের জামিনের আদেশ দেন। আইনজীবীরা হলেন- সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, তৌহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক রাজন, গাজী কামরুল ইসলাম সজল, শহিদুজ্জামান, মির্জা আল মাহমুদ, শরিফ ইদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ, মাহমুদুল আরেফিন স্বপন, এনামুল হোসেন গাফ্ফার, আশরাফ উজ জামান খান, গোলাম নবী ও মোহাম্মদ আলী। এদের প্রথম তিন জন গাড়ি পোড়ানোর মামলায়ও জামিন পেয়েছেন। তারা ২ অগাস্ট আদালতে হট্টগোলের দিনই গ্রেপ্তার হন। অন্যরা গত রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন চাইলে তা নাকচ হয়। সংবিধান ছুড়ে ফেলা নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বক্তব্যের বিরুদ্ধে করা একটি আবেদনের শুনানি হয় গত ২ অগাস্ট হাইকোর্টে। তখন একই বিষয়ে খালেদা জিয়ার একই ধরনের উক্তির প্রসঙ্গে আদালত তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললে হট্টগোল বাঁধে। এ নিয়ে সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা মুখোমুখি অবস্থানে দাঁড়ায়। পরে অবশ্য তাদের মধ্যে সমঝোতা হলে গত রোববার আইনজীবীরা হাইকোর্টে ক্ষমা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৫২০ ঘ.