ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক উন্নয়নে পর্যাপ্ত বরাদ্দ পাচ্ছেন না বলে যোগাযোগমন্ত্রী যে অভিযোগ করেছেন, তা ঠিক নয় বলে এবার সাংবাদিকদের বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদরে বলেন, "উনি (যোগাযোগমন্ত্রী) না বুঝে তা বলেছেন।"
দেশের বেহাল সড়ক নিয়ে রোববার মন্ত্রিসভার বৈঠকে বাহাসে জড়িয়ে পড়েন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও অর্থমন্ত্রী।
যোগাযোগমন্ত্রী বরাদ্দের অপ্রতুলতা কথা তুলে ধরলে তা নাকচ করেন অর্থমন্ত্রী বলেন, তদারকির অভাবই এর কারণ।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার ওই কথা বলেন মুহিত। তবে এ নিয়ে আর কোনো কথা বলতে অনীহা প্রকাশ করে তিনি বলেন, "আমি এখন এ বিষয়ে কোনো কথা বলবো না। যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলছে। সেখানে আমাদের (অর্থ মন্ত্রণালয়) প্রতিনিধিও রয়েছেন।"
এ বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন মহাসড়ক নাজুক অবস্থায় পৌঁছেছে। সড়ক সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা উঠলে দুই মন্ত্রী বিতর্কে জড়ান। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তারা শান্ত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৪২৪ ঘ.
bdnews24