২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে 'ঘটনা সাজিয়ে' চড় মেরে বিয়ে

পঞ্চগড়ে এক বখাটে 'ঘটনা সাজিয়ে' এবং চড় মেরে এক কিশোরীকে বিয়েতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাচ্ছেন সাইফুল আলম বাবু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 07:16 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

সাইফুল আলম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পঞ্চগড়, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে এক বখাটে 'ঘটনা সাজিয়ে' এবং চড় মেরে এক কিশোরীকে বিয়েতে বাধ্য করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় কথিত বর স্থানীয় বখাটে রাশেদসহ ১১ জনের বিরুদ্ধে রোববার রাতে সদর থানায় একটি মামলা করেছেন ওই স্কুলছাত্রীর বাবা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানও চালানো হয়েছে। তবে তারা পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিয়েতে বাধ্য করা হয় যেভাবে মামলার এজাহারে বলা হয়, ৮ অগাস্ট রাতে স্থানীয় কয়েকজন বখাটে ছেলে এসে ছাত্রীর মামাকে ডেকে বলে রাশেদসহ (২১) মেয়েটি এক ঘরে শুয়ে আছে। এই অবস্থায় তাদের বিয়ে পড়িয়ে দিতে হবে। ছাত্রীর মামা তার ঘরে গিয়ে দেখেন মেয়েটি বিছানায় ঘুমিয়ে আছে এবং রাশেদ ঘরের বেড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে। ঘুম থেকে ডেকে তুলে মেয়েটিকে রাশেদের বিষয়ে জানতে চাইলে সে বলে, এই বিষয়ে সে কিছুই জানে না। এরপর মহল্লার প্রভাবশালীরা এসে রাশেদের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য ওই ছাত্রী ও তার পরিবারকে চাপ দিতে থাকে। এতে মেয়েটি আত্মহত্যার হুমকি দিলে, তাকে বেঁধে থানায় নিয়ে যাওয়ার এবং পত্রিকায় খবর প্রকাশ করা হবে বলে ভয় দেখানো হয়। একপর্যায়ে স্থানীয় মসজিদের ইমাম আবুল খায়েরকে ডেকে এনে বিয়ে পড়াতে বলা হয়। কিন্তু তিনি ঘটনা বুঝতে পেরে বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। তাকেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিয়ে পড়াতে বাধ্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন (৯ অগাস্ট) সকাল ৭টা পর্যন্ত মেয়েটি বিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে নায়েব আলী নামে স্থানীয় এক যুবক গালে চড় মেরে মেয়েটিকে 'কবুল' বলতে বাধ্য করে বলে মামলায় অভিযোগ করেছেন মেয়েটির বাবা। স্থানীয়রা জানান, নায়েব আলী একজন রিকশা চালক। আর রাশেদকে সবাই চেনে বখাটে যুবক হিসেবে। 'আমি ওদের শাস্তি চাই' স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সেই কিশোরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "বিয়েতে আমি কোনোভাবেই রাজি ছিলাম না। বারবার আমাকে কবুল বলতে বললেও আমি চুপ ছিলাম। ওই সময় নায়েব আলী আমার গালে চড় মারে। বাধ্য হয়ে তখন কবুল বলি।" নানাভাবে চাপ দিয়ে, ভয়ভীতি দেখিয়ে বিয়েতে বাধ্য করা হয়েছে- এ কথা জানিয়ে সে বলে, "এর আগেও রাশেদ ও রাজ্জাক স্কুলে যাওয়া আসার পথে আমাকে উত্ত্যক্ত করতো। আমি ওদের শাস্তি চাই।" কিশোরীর বাবা বলেন, "ষড়যন্ত্র করে আমার মেয়ের জীবন নষ্ট করার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছে। বখাটে রাশেদকে তারাই কৌশলে আমার মেয়ের ঘরে ঢুকিয়ে দুর্নাম রটানোর চেষ্টা করেছে।" প্রভাবশালীদের 'সমঝোতা চেষ্টা' এ ঘটনার পর পৌর কাউন্সিলর রকিবুল ইসলাম বাবুসহ স্থানীয় প্রভাবশালীরা দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। মেয়েটির পরিবার কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে রাজি না হওয়ায় 'সমঝোতার' চেষ্টা ভেস্তে যায়। এরপরই কথিত বর রাশেদসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। এতে রাশেদের বন্ধু রাজ্জাক, নায়েব আলী, মসজিদ কমিটির নেতা ইসমাইল আলীকেও আসামি করা হয়। সমঝোতা বৈঠক প্রসঙ্গে পৌর কাউন্সিলর রকিবুল ইসলাম বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলোচনা ব্যর্থ হওয়ায় ওই ছাত্রীর অভিভাবকদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। 'মানসম্মানের ভয়ে বিয়ে দিয়েছে' চাপ প্রয়োগ বা চড় মারার অভিযোগ অস্বীকার করে নায়েব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিবারের লোকজনই মানসম্মানের ভয়ে মেয়েটিকে স্বেচ্ছায় বিয়ে দিয়েছে।" মসজিদ কমিটির নেতা ইসমাইল আলীর দাবি, তিনি এ বিয়েতে বাধা দিয়েছেন। ইমামকেও বিয়ে পড়াতে নিষেধ করেছিলেন। তিনি ওই বাড়ি থেকে চলে যাওয়ার পরই বিয়ে পড়ানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/পিডি/০১০৩ ঘ.