নয়া দিল্লি, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ও দিল্লির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে ভারতে বাংলাদেশের হাই কমিশনার তারিক আহমেদ করিম বলেছেন, বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন।
১৫ অগাস্ট জাতির জনকের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক আলোচনা সভায় তারিক আহমেদ এ কথা বলেন।
'বাংলাদেশ-ভারত সম্পর্কে শেখ মুজিবুর রহমানের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা' শীর্ষক এই আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন হাই কমিশনার।
এর আগে হাই কমিশনের মৈত্রী হলে 'বঙ্গবন্ধু: ফরএভার ইন আওয়ার হার্টস' শিরোনামে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক চেয়েছিলেন বঙ্গবন্ধু। তার মেয়ে এখন সেই অসমাপ্ত কাজ শেষ করছেন।"
"১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় ১৯৭৫ সালের ওই দিনটিকেই হত্যাকাণ্ডের জন্য বেছে নেয় বঙ্গবন্ধুর হত্যাকারীরা," যোগ করেন তিনি।
বাঙালি জাতির ইতিহাসকে পাল্টে দিতেই ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেন তারিক আহমেদ।
১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল উচ্চাভিলাষী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে জীবন দিতে হয় স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রকৃতি বোঝাতে বঙ্গবন্ধু ও তার চার মূলনীতি- জাতীয়তাবাদ, গণতন্ত্র, নিরাপত্তা ও সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা তুলে ধরেন দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স এডিটর সি রাজা মোহন।
গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের সাফল্য শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বব্যাপী ইসলামী দেশগুলোর জন্যও প্রেরণাদায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
সি রাজা মোহন বলেন, "বাংলাদেশ-ভারতের সার্থক সম্পর্ক এ উপমহাদেশে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
সাংবাদিক ও লেখক এম জে আকবর বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ না করলে বিশ্ববাসী জানতো না, বাঙালি জাতির ওপর পাকিস্তানি সেনাবাহিনী কতোটা অমানবিক নিষ্ঠুরতা চালায়।
ইন্ডিয়া টুডের এডিটোরিয়াল ডাইরেক্টর আকবর বলেন, "শুধু এই কারণেই বেলুচিস্তানে কী ঘটেছিল তা জানতে পারেনি বিশ্ববাসী।"
ভারতের বেসরকারি খাত সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সাবেক পার্লামেন্ট সদস্য নীতিশ সেন গুপ্তও আলোচনায় অংশ নেন।
শোক দিবস উপলক্ষে সোমবার হাই কমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির পাঠানো বার্তা পাঠ করা হয় অনুষ্ঠানের শুরুতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২২০৬ ঘ.
bdnews24